প্রভাবশালীদের কারণেই দুদক নখদন্তহীন: গোলাম রহমান

আইনের ফাঁকফোকর, কালোটাকার মালিক ও প্রভাবশালীদের কারণেই দুর্নীতি দমন কমিশন (দুদক) নখদন্তহীন বাঘে পরিণত হয়েছে। এ জন্য সাধারণ মানুষ সংস্থাটির সুফল বুঝতে পারছে না।
আজ বৃহস্পতিবার দুপুরে যশোরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান গোলাম রহমান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণের কাজ করা হচ্ছে।
গোলাম রহমান বলেন, দুদক কোনো দুর্নীতিবাজকে ছাড় দেয় না। সে যত বড় ক্ষমতাধরই হোক না কেন, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়।
দুদক চেয়ারম্যান বলেন, মানুষ যদি দেখত, দুর্নীতি করার কারণে ১০০ জন কারাগারে আছে, তাহলেই দুদকের প্রতি আস্থা বাড়ত। কিন্তু তা হচ্ছে না। দুর্নীতি করেও অনেকে পার পেয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘আইনি নানা জটিলতার কারণে জনদুর্ভোগও বাড়ছে। এ জন্যই আমি বলেছি, দুদক নখদন্তহীন বাঘ।’