প্রভাবশালীদের দখলে গাইবান্ধা টেলিফোন এক্সচেঞ্জ ভবন
গাইবান্ধা টেলিফোন এক্সচেঞ্জ ভবনটি দখল করে নিয়েছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। তাঁরা সেখানে রাতারাতি বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন। এ ছাড়া ভবন এলাকায় রোপণ করা গাছপালাও কেটে নেওয়া হচ্ছে।
টেলিফোন কার্যালয়ের সহকারী পরিচালক (অভিযোগ ও তদন্ত) কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন, অবৈধ দখল উচ্ছেদের বিষয়টি টেলিফোন বোর্ড রংপুর অঞ্চলের বিভাগীয় প্রকৌশলীকে জানানো হলে তিনি ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা জেলা প্রশাসককে চিঠি দেন। জেলা প্রশাসক অবৈধ দখলদারদের তালিকা চেয়ে চিঠি দিলে সেই তালিকাও দাখিল করা হয়। কিন্তু তার পরও উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
জেলা প্রশাসক কাজী আনোয়ারুল হক বলেন, ‘আমি দখলদারদের তালিকা চেয়েছি। কিন্তু আজ পর্যন্ত (গত শনিবার) তা হাতে পাইনি। তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
গাইবান্ধা টেলিফোন কার্যালয় সূত্র জানায়, ১৯৭৬ সালে জেলা শহরের পূর্বপাড়ায় এক একর জায়গায় দোতলা একটি ভবনে টেলিফোন এক্সচেঞ্জ গড়ে ওঠে। এই এক্সচেঞ্জ কার্যালয়ে সর্বশেষ ৮০০ সংযোগ ছিল। কর্মকর্তা-কর্মচারী ছিলেন ১৮ জন। কিন্তু এনালগ পদ্ধতির টেলিফোন ডিজিটালে রূপান্তরের পর ২০০২ সালে এক্সচেঞ্জ কার্যালয়টি শহরের বাংলা বাজার এলাকায় স্থানান্তর করা হয়। তখন থেকে ভবনটি অব্যবহূত অবস্থায় পড়েছিল। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা গত বছরের শেষের দিকে ভবনটি দখল শুরু করেন। কয়েক মাসে তাঁরা ভবনে সাইনবোর্ড টাঙিয়ে গড়ে তোলেন শহীদ নজরুল একাডেমি, কিশলয় শিশুকিশোর প্রতিষ্ঠান, কিশলয় সাংস্কৃতিক সংগঠন, কিশলয় মুক্ত রোভার ও কিশলয় ক্রীড়া চক্র। এসব প্রতিষ্ঠানে বৈধ বিদ্যুৎসংযোগ পর্যন্ত নেই।
শহরের পূর্বপাড়া এলাকার কলেজশিক্ষক সাখাওয়াত হোসেন জানান, প্রভাবশালী ব্যক্তিরা প্রতিযোগিতা করে ভবনটি দখল করে নিয়েছেন। তাঁরা শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া সংগঠনের সাইনবোর্ড টাঙিয়ে দিলেও সেগুলো লোক দেখানো। বাস্তবে সেগুলোর কোনো কার্যক্রম নেই। উদ্দেশ্য ভবন দখলে নেওয়া।
একই এলাকার ব্যবসায়ী মিলন মিয়া জানান, ভবনের পেছনে রাতভর জুয়াখেলা, মাদক সেবন ও বেচাকেনা চলে। ফলে এলাকার উঠতি বয়সী যুবকেরা বিপথগামী হচ্ছে।
কিশলয় শিশুকিশোর প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক কাজী জিয়াউল হাফিজ বলেন, ‘প্রভাব খাটিয়ে ভবন দখলের অভিযোগ সঠিক নয়। মূলত টেলিফোন এক্সচেঞ্জ ভবনটি অব্যবহূত থাকায় সেখানে দিনরাত মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ চলত। তাই টেলিফোন বিভাগ রংপুর অঞ্চলের কর্মকর্তাদের জানিয়ে ভবনটি ব্যবহার করছি। টেলিফোন বিভাগ চাওয়ামাত্র ছেড়ে দেওয়া হবে।’ অন্য দখলদারেরাও একই ধরনের মন্তব্য করেন।
গাইবান্ধা টেলিফোন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শাহ আলম জানান, বাধা দিয়েও প্রভাবশালী ব্যক্তিদের দাপটে অবৈধ দখল ঠেকানো যায়নি। এ নিয়ে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।