প্রভাবশালীদের দখলে মধুটিলা ইকোপার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কটি স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগের নেতা-কর্মীরা দখল করে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বছর পার্কটির ইজারা দেওয়া হলেও প্রভাবশালীদের কারণে এলাকায় তাঁরা ঢুকতে পারছেন না। প্রভাবশালীদের অবৈধ নিয়ন্ত্রণের কারণে পার্ক থেকে বছরে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিকবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও কোনো সমাধান হয়নি। মধুটিলা রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, মধুটিলা ইকোপার্কের প্রধান ফটক, ওয়াচ টাওয়ার, ক্যান্টিন, রেস্টহাউস, পিকনিক স্পট, মিনি চিড়িয়াখানা, স্যুটিং স্পট, লেকে প্যাডেল বোট ও মৎস্য শিকারের জন্য আলাদাভাবে ইজারা দেওয়া হয়। ২০১১-১২ অর্থবছরে এই পার্ক থেকে রাজস্ব আদায় হয় ১৫ লাখ ২১ হাজার ৬৫৭ টাকা। নিয়মানুযায়ী ২০১২-১৩ চলতি মৌসুমে পার্কটির ইজারা পায় জামালপুরের সীমান্ত এন্টারপ্রাইজ। শুধু পার্কের প্রধান ফটকটির জন্য ইজারা দেওয়া হয় ১৩ লাখ ৩১ হাজার টাকায়। গত বছরের ৫ আগস্ট সীমান্ত এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেওয়া হয়। কিন্ত পার্কটি স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দখলে থাকায় ইজারার তিন লাখ ৩৩ হাজার টাকা জমা দিয়েও ইজারা বুঝে না পেয়ে সীমান্ত এন্টারপ্রাইজ চলে যায়। এর প্রতিকার চেয়ে রেঞ্জার জিল্লুর রহমান আকন্দ ২৮ আগস্ট নালিতাবাড়ী থানায় একটি জিডি করেন। বিষয়টির সুরাহা না হলে ময়মনসিংহ বন বিভাগ ২৭ নভেম্বর পুনরায় মধুটিলা ইকোপার্কের দরপত্র আহ্বান করে। এতে হালিমা এন্টারপ্রাইজ ও মেহেদী কনস্ট্রাকশন পার্কের ইজারা পায়। কিন্তু সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও তারা যোগাযোগ করেনি। পরে রাজস্ব আদায় ও পার্কটি দখলমুক্ত করতে পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত আলীসহ স্থানীয় ১০ ব্যক্তির বিরুদ্ধে ২০ ডিসেম্বর থানায় দ্বিতীয় দফায় জিডি করেন রেঞ্জ কর্মকর্তা। এলাকাবাসী অভিযোগ করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ স্থানীয় আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা বর্তমানে পার্কটি নিয়ন্ত্রণ করেছেন। মেসার্স মধু কনস্ট্রাকশন ও ইকোপার্ক কর্তৃপক্ষ লেখা রসিদের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। তবে এই টাকা সরকারি কোষাগারে না গিয়ে নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা হয়। স্থানীয় নেতা-কর্মীদের দখলে থাকায় ভয়ে কেউ ইজারা নিতে সাহস পায় না বলে স্থানীয় ব্যক্তিরা জানান।রেঞ্জ কর্মকর্তা জিল্লুর রহমান আকন্দ জানান, স্থানীয় আওয়ামী লীগ ও শ্রমিক লীগের প্রভাবশালীরা ভুয়া রসিদের মাধ্যমে টোল আদায় করছেন। দলখমুক্ত করার জন্য একাধিকবার জিডি করেও কোনো লাভ হয়নি। তাঁরা ওয়াচ টাওয়ার ও ক্যানটিন থেকে মাসে সামান্য কিছু টাকা জমা দেন।সীমান্ত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. বোরহান উদ্দিন বলেন, ‘আমরা ইজারার টাকা জমা দিয়েছি। কিন্তু কর্তৃপক্ষ ইজারা বুঝিয়ে দিতে না পারায় চলে এসেছি।’ হালিমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সেলিম মিয়া জানান, ‘পার্কটি সরকারের নিয়ন্ত্রণে নেই। আমাকে ইজারা বুঝিয়ে দিলে আমি ইজারার টাকা দিতে প্রস্তুত।’সভাপতি মোসলেম উদ্দিন বলেন, ‘আমরা কাউকে ভয়ভীতি দেখাইনি। কেউ তা বলতেও পারবে না। বর্তমানে ইজারাদার না থাকায় ইউনিয়ন আওয়ামী লীগ ও শ্রমিক লীগের কিছু নেতা-কর্মীকে নিয়ে রসিদের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। প্রতি সপ্তাহে রেঞ্জ অফিসে রাজস্বও জমা দেওয়া হয়।’শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আকাব্বর হোসেন বলেন, ইকোপার্কের টোল আদায়ের ব্যাপারে শ্রমিক লীগের কোনো নেতা-কর্মী জড়িত নন। এ অভিযোগ মিথ্যা ও বানোয়াট। নালিতাবাড়ী ওসি গোলাম হায়দার বলেন, ‘অভিযোগ পেলেও ইজারাদার না আসায় কোনো পদক্ষেপ নিতে পারিনি।’ বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মঈন উদ্দিন জানান, ইকোপার্কের জটিলতা নিরসনে পুলিশ প্রশাসনের সহযোগিতা চাওয়া হলেও কোনো সমাধান পাওয়া যায়নি।