প্রভাবশালীদের দখলে রেলের জায়গা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলা বাজারের রেলক্রসিংয়ে কোনো গেট নেই। উপরন্তু এই ক্রসিংয়ের দুই পাশের জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট ও বাড়ি নির্মাণ করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির উদ্দিন ওরফে তোতাসহ আরও অনেকের বিরুদ্ধে রেলওয়ের ওই জায়গা দখলের অভিযোগ উঠেছে। রেলওয়ে পশ্চিমাঞ্চলের উপসহকারী প্রকৌশলী মশিউর রহমান অভিযোগ করেন, ‘বারবার নোটিশ দেওয়ার পরও ওই জায়গা তিনি ছাড়েননি। অবৈধভাবে স্থাপনা নির্মাণের জন্য নিরাপত্তা স্বার্থ বিঘ্নিত হওয়ার অভিযোগে মাস দুয়েক আগে তাঁর বিরুদ্ধে শার্শা থানায় একটি মামলা করা হয়েছে।’ ওই ইউপি চেয়ারম্যানের মতো স্থানীয় কয়েকজন প্রভাবশালী একই রেলক্রসিংয়ের দুই পাশের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শার্শা বাজারের ইবাদুল হক বলেন, স্থাপনা নির্মাণের কারণে রেলক্রসিং পারাপারের সময় যানবাহনের চালক ও পথচারীরা দূর থেকে ট্রেন যাওয়া-আসা দেখতে পায় না। যে কারণে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। প্রকৌশলী মশিউর রহমান জানান, নিয়ম অনুযায়ী রেললাইনের ৫০ ফুটের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু তা মানা হয়নি। ট্রেন যাতায়াতের জন্য ১০-১২ ফুট জায়গা ছেড়ে লাইনের দুই পাশের অন্তত ৬০ ফুট জায়গা দখল করে মার্কেট নির্মাণ করা হয়েছে। যশোর শহরের খড়কি রেললাইন, শংকরপুর ভাঙাগেটসহ যশোর রেলওয়ে জংশনের আওতার ৩৭টি রেলক্রসিংয়ে কোনো গেট নেই বলে জানান তিনি। অভিযোগ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন বলেন, ‘অবৈধ স্থাপনা হলে সরকার ভেঙে দিলে কোনো আপত্তি নেই।’ শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, মামলার পরিপ্রেক্ষিতে আদালতে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। আদালত নির্দেশ দিলে স্থাপনা ভেঙে দেওয়া হবে। অপরদিকে যশোর সদর উপজেলার নতুন হাট বাজারে রেলক্রসিংয়েও কোনো গেট নেই। ট্রেন এলে সতর্কতা সংকেত দেওয়ারও কেউ নেই। বছর চারেক আগে ওই ক্রসিংয়ে বরযাত্রীবাহী একটি প্রাইভেট কার দুর্ঘটনায় পড়ে। এ ছাড়া ক্রসিংয়ের দুই পাশের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করায় ট্রেন এলে পথচারী ও যানবাহন চালকেরা দেখতে পায় না। ফলে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।গত ২৯ জানুয়ারি ভ্যান চালিয়ে রেললাইন পারাপারের সময় বাক ও শ্রবণপ্রতিবন্ধী হযরত আলি গাজী নামের এক বৃদ্ধ দুর্ঘটনায় প্রাণ হারান। মাস দেড়েক আগে একইভাবে আজিজুর রহমান মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনায় পড়েন। সম্প্রতি সরেজমিনে এসব তথ্য জানা গেছে।নতুন হাট বাজারের বৈদ্যুতিক মিস্ত্রি স্থানীয় যুবমৈত্রী নেতা জিয়াউর রহমান অভিযোগ করেন, রেললাইনের দক্ষিণ পাশে আবদুল মালেক, শাহাবুদ্দিন, জালাল উদ্দিন, মশিয়ার রহমান, ফজলুর রহমান এবং উত্তর পাশে সাইফুল ইসলাম, আলমগীর হোসেন, মোজাম হোসেন ও আতিয়ার রহমান রেলওয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশে রেললাইনের জমির ওপর মার্কেট নির্মাণ করেছেন। এই দখল ও রেলগেট না থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।অভিযুক্ত ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের নেতা আবদুল মালেক দাবি করেন, রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জমি ইজারা নিয়ে গত বছর মার্কেট গড়ে তোলা হয়েছে। ১৯৯৩ সাল থেকে জমি ইজারা নিয়ে প্রতি বছরই খাজনা দিয়ে তা নবায়ন করা হয়।শার্শার বুরুজবাগান রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেখানে প্রতিদিন অ্যাম্বুলেন্সসহ ভ্যান রেলক্রসিং দিয়ে পারাপার হয়। কিন্তু সেখানে কোনো গেট নেই। কর্তৃপক্ষ শুধু একটি সতর্কবাণী-সংবলিত সাইনবোর্ড লাগিয়েই তাদের দায়িত্ব শেষ করেছে।যশোর ক্যান্টনমেন্ট এলাকার রেলক্রসিংটিও অরক্ষিত। এখানে দুই বছর আগে দুজন মাদ্রাসা ছাত্র ট্রেনে কাটা পড়ে মারা যায়। এ ব্যাপারে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা কিরণ চন্দ্র রায় বলেন, ‘পরিপত্রের বাইরে অবৈধভাবে রেলওয়ের ওই জায়গা ইজারা দেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে।’