প্রভাবশালীদের দাপটে অসহায় ১৫৮টি জেলে পরিবার
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীর বাঐখোলা এলাকায় বাঁশ পুঁতে দখলে নিয়ে অবৈধভাবে মাছ শিকার করছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী। তাঁরা সেখানে জেলেদের মাছ ধরতে দিচ্ছেন না। ফলে উপজেলার ১৫৮টি জেলে পরিবার মানবেতর জীবনযাপন করছে। এ ঘটনায় জেলেরা গত ২২ জুন উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।লিখিত অভিযোগ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রভাবশালী ব্যক্তিরা যমুনার শাখা নদীর বাঐখোলা এলাকা ২০ জুন বাঁশ পুঁতে ও লাল পতাকা টাঙিয়ে অবৈধভাবে দখল করে নেন। এ কাজের নেতৃত্বে আছেন গান্ধাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সারোয়ার হোসেন ও সাবেক সদস্য আবদুল আজিজ। দখলে নেওয়ার পর তাঁরা রাতের আঁধারে মাছ শিকার করছেন। দিনের বেলায় মাছ ধরতে গেলে প্রভাবশালী ব্যক্তিরা জেলেদের জাল ও নৌকা কেড়ে নিচ্ছেন। ২৪ জুন মাছ ধরার সময় তারাকান্দি গ্রামের বিষ্ণু হালদারের ছেলে অখিল ও নিখিলকে মারধর করে তাঁরা জাল ছিনিয়ে নেন। ঘটনার প্রতিবাদে ওই দিনই জেলেরা এলাকায় মানববন্ধন করেন। লিখিত অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই স্থানে অভিযান চালান। এ সময় বাঁশের খুঁটি সরিয়ে ফেলা হয়। কিন্তু আদালত চলে আসার পর তাঁরা পুনরায় বাঁশ পুঁতে ওই এলাকা দখল করে নেন।কাজীপুর মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক বিমল হাওলাদার অভিযোগ করেন, কাজিপুর উপজেলার তারাকান্দি, ঝুনকাইল ও মেছরা গ্রামের ১৫৮টি জেলে পরিবার প্রতি বর্ষা মৌসুমে নদীর ওই অংশ থেকে মাছ ধরে বিক্রি করে সারা বছরের সংসারের খরচ জোগায়। ১৫ দিন আগে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে লাল পতাকা ও বাঁশ পুঁতে ওই এলাকা দখল করে নিয়েছেন। মাছ ধরতে গেলে জেলেদের জাল ও নৌকা ছিনিয়ে নেওয়া হচ্ছে।সারোয়ার হোসেন ও আবদুল আজিজ নদী দখলের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁরা দাবি করেন, নদীর মাঝে চর পড়েছে। ওই চরের মালিক স্থানীয় লোকজন। তাঁরা বাঁশ পুঁতে পতাকা টাঙিয়ে সীমানা নির্ধারণ করেছেন। মাছ ধরার বিষয়ে তাঁরা বলেন, ‘আমরা জেলেদের একটি অংশ দিয়ে মাছ ধরার জন্য বলেছি। কিন্তু তাঁরা আমাদের কোনো অংশ দিতে রাজি নন। তা ছাড়া ইতিপূর্বে তাঁরা মাছ ধরেছেন, এবার আমরা মাছ ধরছি।’ জেলেদের মারধর করার অভিযোগ তাঁরা অস্বীকার করেন।উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আকতার জানান, এ এলাকায় সবার মাছ ধরার সমান অধিকার রয়েছে। তবে মৎস্যজীবীদের অধিকার বেশি। ইউএনও শাফিউল ইসলাম জানান, উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। স্থানীয় সাংসদ তানভীর শাকিল বলেন, আলোচনাসাপেক্ষে বিষয়টি মীমাংসা করা হবে।