বিসমিল্লাহ গ্রুপের দুর্নীতি নিয়ে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর তিনটি থানায় মোট ১২টি মামলা করা হয়। বিসমিল্লাহ গ্রুপের কর্মকর্তাসহ পাঁচ ব্যাংকের ৫৪ কর্মকর্তাকে এসব মামলায় আসামি করা হয়েছে।
তবে এজাহারে অন্তত তিন ব্যাংকের শীর্ষ নির্বাহী, দুই সাংসদপুত্রের সংশ্লিষ্টতা থাকার পরও তাঁদের নাম না থাকা এবং একজন উপব্যবস্থাপনা পরিচালকের সংশ্লিষ্টতা না থাকার পরও নাম দেওয়ায় এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
গতকাল রোববার তিন থানায় মামলা শেষে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর জানান বিসমিল্লাহ-সংক্রান্ত অনুসন্ধান দলের প্রধান উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
আসামিদের মধ্যে বিসমিল্লাহ গ্রুপের রয়েছে ১৩ জন, বাকি ৪১ আসামি পাঁচটি ব্যাংকের। এর মধ্যে জনতা ব্যাংকের তিন শাখার ১২ জন। শাখা তিনটির মধ্যে ভবন করপোরেট শাখায় সাতজন, মগবাজার শাখায় তিনজন এবং এলিফ্যান্ট রোড শাখায় দুজন কর্মকর্তা আসামি হয়েছেন। প্রাইম ব্যাংকের আসামি নয়জন, প্রিমিয়ার ব্যাংকের সাতজন, যমুনা ব্যাংকের পাঁচজন এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের আটজন।
প্রাইম ব্যাংকের অডিট অ্যান্ড কমপ্লাইন্স বিভাগের প্রধান ও উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. ইয়াছিন আলী বিসমিল্লাহ গ্রুপকে ঋণ প্রদানের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও তিনি আসামি কেন—প্রশ্নের জবাবে ইকবাল হোসেন জানান, অডিট অ্যান্ড কমপ্লাইন্স বিভাগের প্রধান হিসেবে ইয়াছিন আলী এ আর্থিক দুর্নীতির দায় এড়াতে পারেন না।
ইয়াছিন আলী প্রাইম ব্যাংকের এ পদে যোগ দেন ২০১১ সালের ২৮ আগস্ট। আর বাংলাদেশ ব্যাংক বিসমিল্লাহ দুর্নীতি বিষয়ে প্রতিবেদন জমা দেয় ওই বছরের জুলাই মাসে। এ বিষয়ে ইকবাল হোসেন বলেন, দুদকের অনুসন্ধান দল ২০০৬ থেকে ২০১২ সালের অক্টোবর মাস পর্যন্ত বিভিন্ন ব্যাংকের তথ্য নিয়ে অনুসন্ধান করেছে। এ ক্ষেত্রে ইয়াছিন আলী প্রাইম ব্যাংকের নিরীক্ষা বিভাগের প্রধান হিসেবে তাঁর দায় এড়াতে পারেন না। তবে বিস্তারিত তদন্তে যাঁর যাঁর সংশ্লিষ্টতা প্রমাণিত হবে না, তাঁরা অভিযোগপত্রে অব্যাহতি পাবেন।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে ইয়াছিন আলীর নাম ছিল না বলা হলে সৈয়দ ইকবাল জানান, এটি দুদকের নিজস্ব অনুসন্ধান। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন এতে সাহায্য করেছে, কিন্তু ওই প্রতিবেদনকে ঘিরেই অনুসন্ধানকাজ সম্পন্ন করা হয়নি। অনুসন্ধান দলের নিজস্ব অনুসন্ধানে অনেক তথ্যই বের হয়ে এসেছে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তিন এমডির (ব্যবস্থাপনা পরিচালক) নাম ও তাঁদের সংশ্লিষ্টতা উল্লেখ করা হলেও কোনো মামলাতেই তাঁদের নাম নেই।
প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ প্রথম আলোকে জানায়, ইয়াছিন আলীর আওতায় তাদের ব্যাংকে বিসমিল্লাহর ঋণ কেলেঙ্কারি উদ্ঘাটন করা, দোষীদের শাস্তির ব্যবস্থা ও অর্থ আদায়ে আইনি ব্যবস্থা নিয়েছিল পর্ষদ।
বিসমিল্লাহ ঋণ কেলেঙ্কারির সঙ্গে দুই সাংসদের পুত্র জড়িত ছিলেন। দুদকের মামলাতে তাঁদের নাম নেই। সাংসদ পুত্রদ্বয় সম্পর্কে এক প্রশ্নের জবাবে ইকবাল হোসেন বলেন, গাজীপুরের সাংসদ রহমত আলীর ছেলে জামিল হাসান দুর্জয় ও কুমিল্লার সাংসদ সুবিদ আলী ভূঁইয়ার ছেলে মোহাম্মদ আলীর বিরুদ্ধে অনুসন্ধান করা হয়েছে। কিন্তু এই দুর্নীতির সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতাবিষয়ক দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। তদন্তকালে প্রমাণ পাওয়া গেলে তাঁদের ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।
রাজধানীর মতিঝিল থানায় নয়টি, রমনা থানায় দুটি এবং নিউমার্কেট থানায় একটি মামলা করা হয়েছে। সংবাদ সম্মেলনে সৈয়দ ইকবাল আরও জানান, বিসমিল্লাহ গ্রুপের আত্মসাৎ করা মোট টাকার পরিমাণ এক হাজার ১৭৪ কোটি টাকা।
যাঁরা আসামি হয়েছেন—১২টি মামলার সবগুলোতেই বিসমিল্লাহ গ্রুপের পরিচালক খাজা সোলেমান চৌধুরী আসামি। অন্য মামলাগুলোতে রয়েছেন খাজা সোলেমানের স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান নওরীন হাবিব, পরিচালক খাজা সোলেমানের বাবা সফিকুল আনোয়ার চৌধুরী ও মা সারোয়ার জাহান (পরিচালক)। গ্রুপের অন্য আসামিরা হলেন আবুল হোসেন চৌধুরী, আবিদা হাসিব, নাহিদ আনোয়ার খান, খন্দকার মো. মইনুদ্দিন আশরাফ, বকর আজিজ মুতাক্কি, আবুল হোসাইন চৌধুরী, রিয়াজউদ্দিন আহম্মদ, আক্তার হোসেন, মঈন উদ্দিন এবং গোলাম মহিউদ্দিন আহম্মেদ। এঁদের মধ্যে খাজা সোলেমান ও তাঁর স্ত্রী নওরীন হাবিব দুবাইয়ে, আবুল হোসেন মালয়েশিয়ায় ও মঈন উদ্দিন জার্মানিতে রয়েছেন। বাকি ৪১ জন আসামি বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা।