আট মাস অনুসন্ধানের পরও রাজনৈতিক প্রভাবশালীরা বিসমিল্লাহ দুর্নীতি কাণ্ড থেকে বাদ পড়েছে। এমনকি এই আর্থিক কেলেঙ্কারিতে অর্থ পাচারের কথা বলা হলেও টাকার অবস্থানও জানা যায়নি।
প্রতিবেদনে মোট ১২টি মামলায় ৪২ জনকে আসামি করার সুপারিশ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান কর্মকর্তারা। দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, ‘প্রতিবেদন জমা হয়েছে। কমিশন এখন তা যাচাই-বাছাই করছে। মামলার বিষয়টি যাচাই-বাছাইয়ের পরেই বলা যাবে।’
জমা দেওয়া প্রতিবেদনে ১২ মামলার সবগুলোতেই বিসমিল্লাহ গ্রুপের পরিচালক খাজা সোলেমান চৌধুরীকে আসামি করার সুপারিশ করা হয়েছে। অন্য মামলাগুলোতে খাজা সোলেমানের স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান নওরীন হাবিব, খাজা সোলেমানের বাবা শফিকুল আনোয়ার চৌধুরী এবং গ্রুপের মহাব্যবস্থাপক (হিসাব) আবুল হোসেন চৌধুরীর নাম সুপারিশ করা হয়েছে। তালিকায় আরও রয়েছেন বিসমিল্লাহ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিন্দল ওয়ালী টেক্সটাইলের পরিচালক সরোয়ার জাহান, নেটওয়ার্ক সিস্টেমের আক্তার হোসেন, টিডব্লিউ এক্সপ্রেসের মালিক মো. মইনউদ্দিন এবং দুই পরিচালক খন্দকার মোশাররফ হোসেন ও আতিকুর রহমান। এ ছাড়া চারটি মামলায় বিসমিল্লাহ গ্রুপের সাবেক ব্যবস্থাপক রফিকুল আলমকে আসামি করার বিষয়েও সুপারিশ করা হয়েছে। এ ১০ জনের মধ্যে খাজা সোলেমান ও তাঁর স্ত্রী নওরীন দুবাইয়ে, আবুল হোসেন মালয়েশিয়ায় ও মইনউদ্দিন জার্মানিতে অবস্থান করছেন। আর বাকি ৩২ জন বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা।
প্রতিবেদনে বলা হয়, মালামাল রপ্তানি না করেই জালিয়াতির মাধ্যমে ভুয়া বিল ইস্যু করে, রপ্তানি দেখিয়ে ওই বিলের বিপরীতে বিভিন্ন ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। ওই অর্থ পরে ‘মানি লন্ডারিং’-এর মাধ্যমে বিদেশে পাচার করা হয়। তবে ওই সব অর্থের অবস্থান ‘গোপন’ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
অনুসন্ধান অনুযায়ী, বিসমিল্লাহ গ্রুপ রপ্তানির নামে এক হাজার ১৭৬ কোটি টাকা আত্মসাৎ করেছে। এর মধ্যে প্রাইম ব্যাংক থেকে ৩০২ কোটি টাকা, জনতা ব্যাংকের ৪০৩ কোটি টাকা, শাহজালাল ইসলামী ব্যাংকের ১০২ কোটি টাকা, প্রিমিয়াম ব্যাংকের ৬৩ কোটি টাকা এবং যমুনা ব্যাংকের কাছ থেকে ৬২ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
অনুসন্ধানের পর্যায়ে বিভিন্ন সময় আলোচনায় এলেও সরকারদলীয় সাংসদ রহমত আলীর ছেলে জামিল হাসান ও সুবিদ আলী ভুঁইয়ার ছেলে মোহাম্মদ আলীর নাম এই প্রতিবেদনে আসেনি। দেশের বিভিন্ন ব্যাংক থেকে বিসমিল্লাহ গ্রুপকে অবৈধ উপায়ে ঋণ পেতে সাহায্য করেন এই দুই সাংসদপুত্র। এ বিষয়ে প্রচুর মৌখিক সাক্ষ্য থাকলেও দালিলিক কোনো প্রমাণ পাননি অনুসন্ধান-সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মামলার জন্য যেসব ব্যাংক কর্মকর্তার নাম সুপারিশ করা হয়েছে তাঁরা হলেন, প্রাইম ব্যাংকের ইব্রাহিম হোসেন গাজী, মোজাম্মেল হোসেন, এ কে এম জানে আলম, হাবিবুর রহমান, এ বি এম শাহজাহান, আবুল কালাম, খায়রুল ইসলাম। শাহজালাল ইসলামী ব্যাংকের আসলামুল হক, হাসানুল কবীর, সহিদুল ইসলাম, দুলাল হোসেন, আনিসুল কবীর ও মুনীর হোসেন। প্রিমিয়ার ব্যাংকের শাহীনুর রহমান, শাহাদাত হোসেন, এম এ রহিম ও তাবাসসুম। যমুনা ব্যাংকের মোজাম্মেল হোসেন, রফিকুল হাসান, জাহিদুল হোসেন, মোরশেদুল ইসলাম ও এ এস এম মাশুক এবং জনতা ব্যাংকের আবুল কালাম আজাদ।