নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রভাবশালী কয়েকজন গত বুধবার রাতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন প্রজাতির গাছ কেটে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। এ ছাড়া এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁইয়ার কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে।
এলাকার সাত-আটজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৬৭ নম্বর ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আম, জাম, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির শত বছরের পুরোনো আটটি গাছ বুধবার রাতে কেটে বিক্রি করেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী। গাছ কাটার প্রতিবাদে গতকাল সকালে ভবনাথপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন নাহার বলেন, গাছগুলো কেটে ফেলায় সরকারি সম্পদ নষ্ট হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
পরিচালনা কমিটির সভাপতি মোখলেছুর বলেন, গাছ কাটার সঙ্গে জড়িতরা প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
ইউএনও আবু নাছের ভূঁইয়া বলেন, স্মারকলিপি পাওয়ার পর বিষয়টি তদন্ত শুরু হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।