প্রভাবশালীদের স্বার্থে সীমানাপ্রাচীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্যবাহী ট্রেন চলাচলের দুটি পথ ও কোটি টাকার সম্পত্তি অরক্ষিত রেখে বগুড়া রেলস্টেশনের সামনে নিরাপত্তাপ্রাচীর নির্মাণ করছে বাংলাদেশ রেলওয়ে। বিনা টিকিটে ট্রেন-ভ্রমণ ঠেকাতে এবং স্টেশনের নিরাপত্তার অজুহাত দেখিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ এই নিরাপত্তাপ্রাচীর নির্মাণ করলেও এর মাধ্যমে দুটি সচল রেললাইন অচল এবং রেলওয়ের কোটি টাকার সম্পত্তি প্রভাবশালী-দখলদারদের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা চলছে বলে স্থানীয় লোকজন অভিযোগ তুলেছেন।
রেলওয়ে সূত্র জানায়, বগুড়া রেলস্টেশনের সামনে হাড্ডিপট্টি বাস টার্মিনাল-কামারগাড়ি পুকুরপাড় তিনমাথা থেকে হকার্স মার্কেটসংলগ্ন কড়ইতলা পর্যন্ত ১ হাজার ৯০০ ফুট এবং আবাসিক এলাকার সেউজগাড়ি পানির ট্যাংকসংলগ্ন এলাকায় ১ হাজার ৫৮২ ফুট দীর্ঘ সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছে। এতে ব্যয় হচ্ছে ৬৯ লাখ টাকা। মাস খানেক ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন এই দুটি সীমানাপ্রাচীরের নির্মাণকাজ করছেন।
কিন্তু স্থানীয় লোকজনের অভিযোগ, রেলস্টেশনের সামনেই মিনিবাস টার্মিনাল। অনেকেই বিভিন্ন উপজেলা থেকে বাসে এসে স্টেশনে ট্রেন ধরেন। ট্রেনযাত্রীদের বড় একটি অংশ চামড়াগুদাম-বাদুরতলা সড়ক, থানা মোড়-কামারগাড়ি-সরকারি আজিজুল হক কলেজ সড়ক, নূরানী মোড়-কামারগাড়ি সড়ক হয়ে স্টেশনে যাতায়াত করেন। সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরাও বাস টার্মিনালের সামনের এই সড়ক হয়ে রেলস্টেশনে আসা-যাওয়া করে। অথচ বাস টার্মিনাল ও সড়কে যাতায়াতের পথ বন্ধ করে স্টেশনের সামনে সীমানাপ্রাচীর তোলা হচ্ছে।
গত ২১ জানুয়ারি সরেজমিনে রেলস্টেশন এলাকায় গিয়ে দেখা গেছে, কামারগাড়ি তিনমাথাসংলগ্ন হাড্ডিপট্টি মিনিবাস টার্মিনাল থেকে ইটের সীমানাপ্রাচীর তুলে টার্মিনাল ও টার্মিনালসংলগ্ন সড়ক থেকে রেললাইনে ওঠার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রেন থেকে নেমে এত দিন যাত্রীরা স্টেশনের সামনের রিকশাস্ট্যান্ডে গিয়ে রিকশায় গন্তব্যের উদ্দেশে রওনা হলেও এখন সেই পথ বন্ধ। রেলস্টেশনের সুরক্ষার কথা বলে সীমানাপ্রাচীর তোলা হলেও প্রাচীরের বাইরে রয়ে গেছে স্টেশনে ট্রেন ভেড়ার জন্য আরও দুটি লাইন। পুরো প্রাচীর নির্মিত হলে এই দুটি লাইন প্রাচীরের আড়ালে পড়ায় চুরি হয়ে যাবে রেললাইনের পাত।
বগুড়া রেলওয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বগুড়ায় রেলওয়ের অবৈধ দখলদারের সংখ্যা এখন পাঁচ হাজারের ওপরে। রেলের কোটি টাকার সম্পত্তি দখল করে মার্কেট-বিপণিকেন্দ্র নির্মাণ করেছেন এসব রাঘববোয়াল। বাকি ছিল শুধু স্টেশনের সামনের অংশটুকুই। এখন এভাবে প্রাচীর করা হলে তা রাতারাতি দখলের সুযোগ তৈরি করে দেওয়া হবে।
বগুড়ার স্টেশনমাস্টার নজরুল ইসলাম বলেন, ‘প্রাচীরের বাইরে রাখা রেললাইনে মালবাহী ট্রেন এসে ভিড়বে। রেললাইন ভেতরে রাখা হলে পণ্য খালাসের ট্রাক ভিড়তে পারত না।’
রেলওয়ে প্রকৌশল বিভাগ বগুড়ার সহকারী প্রকৌশলী আবদুস সোবহান বলেন, বিনা টিকিটে ট্রেন-ভ্রমণ ঠেকাতে এবং স্টেশনের নিরাপত্তার কথা বিবেচনা করে সীমানাপ্রাচীর করা হচ্ছে। কারিগরি দিক বিবেচনা করেই দুটি রেললাইন ও কিছু জায়গা প্রাচীরের বাইরে রাখা হয়েছে।