প্রভাবশালীরা বাঘ শিকারে জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ার হোসেন মঞ্জু
আনোয়ার হোসেন মঞ্জু

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, সুন্দরবনের আশপাশে সামাজিকভাবে প্রভাবশালী অনেকে আছেন, যাঁদের কারণে বাঘ রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এই প্রভাবশালী ব্যক্তিরা বাঘ শিকার ও চোরাচালানের সঙ্গে জড়িত এবং রাজনৈতিকভাবে আশ্রয় পান। তাই স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের আস্থায় এনে এবং রাজনৈতিক আশ্রয় দেওয়া বন্ধ করে বাঘ রক্ষা করতে হবে।
‘সুন্দরবনের বাঘ শিকার, প্রাণী ও আবাসস্থল পরিবীক্ষণ’ শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বনমন্ত্রী এসব কথা বলেন। গতকাল রোববার বন বিভাগ ও বিশ্বব্যাংকের যৌথ আয়োজনে রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে এই কর্মশালা হয়।
সুন্দরবন ও বাঘ রক্ষায় বন বিভাগের অপ্রতুল বরাদ্দের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘যে দেশে ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার বাজেট হয়, সে দেশে সুন্দরবন রক্ষায় ১০০ কোটি টাকাও বরাদ্দ হয় না। অথচ আমি এ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরদিন থেকে সবাইকে বাঘ রক্ষার বিষয়টি নিয়ে বলতে শুনেছি। কিন্তু তহবিল বরাদ্দের ক্ষেত্রে বাঘ রক্ষাবিষয়ক কোনো উদ্যোগ দেখতে পাইনি।’
কর্মশালায় ক্যামেরা পদ্ধতিতে সুন্দরবনের বাঘ গণনা জরিপ ২০১৫-এর ফলাফল তুলে ধরা হয়। কর্মশালায় জানানো হয়, এত দিন ৪৪০টি (২০০৪ সালে বাঘের পায়ের ছাপ গুনে জরিপ) বাঘ আছে বলা হলেও নতুন ক্যামেরা পদ্ধতি চালিয়ে দেখা গেছে, বাঘের সংখ্যা আসলে ১০৬টি।
কর্মশালায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘সুন্দরবনে বাঘের যে নতুন সংখ্যা আমরা পেয়েছি, তা আমাদের মেনে নিতে হবে। এ সংখ্যা কীভাবে বাড়ানো যায়, সেই উদ্যোগ নিয়েছি। সুন্দরবন রক্ষায় বেশ কিছু কঠোর সিদ্ধান্ত আমরা শিগগিরই জানাব।’ তাঁর মতে, সুন্দরবনের পাশে বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠা এবং চোরা শিকারিদের উপদ্রব বড় হুমকি।
সভাপতির বক্তব্যে প্রধান বন সংরক্ষক ইউনুছ আলী বলেন, সুন্দরবনের চোরা শিকারিদের দমন করা এককভাবে বন বিভাগের পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা লাগবে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। তাদের কাজের সমন্বয় হলে বাঘ রক্ষা সহজ হবে।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) বাংলাদেশের দেশীয় প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমদ বলেন, দুর্গম এলাকায় কাজ করলে সরকারের সব বিভাগের কর্মীরা ঝুঁকি ভাতা পান। কিন্তু সুন্দরবনের মতো দুর্গম এলাকায় কাজ করেও বন বিভাগের লোকেরা কোনো ঝুঁকি ভাতা পান না। বাঘ রক্ষা করতে হলে বন বিভাগকে শক্তিশালী করার পরামর্শ দেন তিনি।
কর্মশালায় বন বিভাগের খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জাহিদুল কবীর বলেন, ‘সুন্দরবনে বাঘের সংখ্যা অবশ্যই দ্বিগুণ করা সম্ভব এবং তা আমরা করতে পারব। সবার সহযোগিতা পেলে তা সম্ভব।’
বন্য প্রাণী বিভাগের বন সংরক্ষক তপন কুমার দে, উপপ্রধান বন সংরক্ষক আকবর হোসেন, ভারতের বন্য প্রাণী কেন্দ্রের অধ্যাপক ওয়াই ভি ঝালা কর্মশালায় বক্তব্য দেন।