অর্থ পাচারের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দেওয়া নিম্ন আদালতের সেই বিচারক মোতাহার হোসেন বলেছেন, তিনি প্রভাবিত না হয়ে ওই মামলার রায় দিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেককে বেকসুর খালাস দেওয়ার দেড় মাস পর অবসরে যান এই বিচারক। এরপর তিনি সপরিবারে মালয়েশিয়া চলে যান। মোতাহার হোসেন মালয়েশিয়ায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে কয়েকটি সূত্র ধরে গতকাল যোগাযোগ করা হয়।
প্রশ্ন : তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দিয়ে হাইকোর্টের রায় প্রকাশের পর আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেছেন, বিচারিক আদালতের বিচারককে প্রভাবিত করে তারেক রহমান খালাস পেয়েছিলেন। আপনি এখন কী বলবেন?
উত্তর : ভয় পেয়ে বা প্রভাবিত হয়ে রায় দেওয়ার প্রশ্নই আসে না। আমি আমার বিচারকজীবনে কোনো দিনই এমন কাজ করিনি। ‘ইয়াবা’ তৈরি ও বিক্রির অভিযোগে দুই মামলায় আমি আমিন হুদা ও তাঁর প্রতিষ্ঠানের এক কর্মচারীকে ৭৯ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছি। গাজীপুরে বোমা হামলার রায়ে ১০ জেএমবি জঙ্গির রিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছি। কিশোরগঞ্জে উপজেলা চেয়ারম্যান হত্যা মামলায় আটজনের ফাঁসি, রমনা থানার ইমাম হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি, সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ হত্যা মামলায় পাঁচজনের ফাঁসিসহ অসংখ্য মামলার রায় দিয়েছি। যখন চুয়াডাঙ্গার বিচারক ছিলাম, চরমপন্থীরা আমার আদালতে মামলা শুনে জেল ভেঙে পালিয়েছিল। আমি জীবনে কখনো ভয় পেয়ে বা প্রভাবিত হয়ে রায় দিইনি।
প্রশ্ন : হাইকোর্ট তারেক রহমানকে সাত বছরের সাজা এবং ২০ কোটি টাকা জরিমানা করলেন। এফবিআই তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষী দেয়। সব তথ্য-প্রমাণ ছিল। আপনি কিসের ভিত্তিতে খালাস দিয়েছিলেন?
উত্তর: হাইকোর্ট তাঁর বিবেচনায় এ রায় দিয়েছেন। আমি বিচারক থাকাকালে যে সাক্ষ্য-প্রমাণ পেয়েছি, তার ভিত্তিতে রায় দিয়েছি। এ মামলায় প্রধান অভিযোগ ছিল, গিয়াস আল মামুনকে খাদিজা ইসলাম ঘুষ দিতে বাধ্য হয়েছেন। কিন্তু মামলার কোথাও তদন্ত কর্মকর্তা বলেননি যে আসামি তারেক রহমান খাদিজার কাছে অর্থ দাবি করেছেন। আর খাদিজা নিজেও আদালতে সাক্ষ্য দিয়েছেন। তিনি বলেছেন, মামুনকে পরামর্শ ফি হিসেবে এ টাকা দিয়েছেন। কোথাও বলেননি তারেক রহমানকে টাকা দিয়েছেন। কাজেই আমার বিবেচনায় আমি তারেককে খালাস দিয়েছি।
প্রশ্ন : আপনি এ মামলার রায় দিয়েই দেশ ছেড়ে চলে গেলেন কেন?
উত্তর: পুরোপুরি মিথ্যা অভিযোগ। আমি ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেক রহমানের মামলার রায় দিয়েছি। এরপর আরও প্রায় দেড় মাস ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক হিসেবে ছিলাম।