দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফাইলিনের কারণে বরগুনাসহ উপকূলে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। সেইসঙ্গে ঝড়ের প্রভাবে দুই-তিন ফুট উঁচু জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল শনিবার দুপুর থেকে বরগুনাসহ উপকূলীয় অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে।
ঘূর্ণিঝড়টি ভারতের ওডিশা ও অন্ধ্র প্রদেশ রাজ্যের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।
গতকাল রাত সাতটায় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রচারিত বার্তায় বলা হয়, ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে ৮৫৫ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৮৩০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে এবং মংলা বন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ২০০ থেকে ২২০ কিলোমিটার।
চট্টগ্রাম, মংলা বন্দর ও কক্সবাজার সমুদ্রবন্দরের আওতাভুক্ত এলাকাগুলোতে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেতের পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে।
আবহাওযার বার্তায় আরও বলা হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরগুনা, বরিশাল, বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, খুলনা ও সাতক্ষীরা জেলার দূরবর্তী চর ও নিম্নাঞ্চলগুলো স্বাভাবিক জোয়ারের চেয়ে দু-তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গভীর সাগরে মাছ ধরা সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।