চটগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষকদের ইনক্রিমেন্ট দেওয়ার ক্ষেত্রে আবার বৈষম্যের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের একটি সিদ্ধান্তের কারণে এ বৈষম্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।প্রশাসন সূত্রে জানা গেছে, ২০০৯ সালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে ন্যূনতম জিপিএ-৩.৭৫ পাওয়া প্রভাষকেরা প্রণোদনা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। কিন্তু তরুণ শিক্ষকেরা এই যোগ্যতা পুনর্নির্ধারণের দাবি জানান।তাঁদের দাবির মুখে গত বছরের ৩ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে নতুন শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রতিটিতে প্রথম বিভাগ অথবা গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম জিপিএ-৪.৫ এবং স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে ন্যূনতম জিপিএ-৩.৬ প্রাপ্তরা ইনক্রিমেন্ট পাওয়ার জন্য বিবেচিত হবেন।তবে ৩ নভেম্বরের আগে যেসব শিক্ষক নিয়োগ পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত বিবেচিত হবে না।এদিকে, সব যোগ্যতাধারী শিক্ষকের ইনক্রিমেন্ট দেওয়ার দাবি জানিয়ে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।এ প্রসঙ্গে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এ নিয়মের কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও ৩ নভেম্বরের পূর্বে যোগদান করা শিক্ষকেরা বঞ্চিত হবেন। চাকরিতে যোগদানের ক্ষেত্রে জ্যেষ্ঠতা থাকা সত্ত্বেও তাঁরা বেতনবৈষম্যের শিকার হবেন। এ জন্য এ নিয়ম পুনর্বিবেচনা করার জন্য সমিতির পক্ষ থেকে উপাচার্য মহোদয়কে চিঠি দিয়েছি।’