প্রভাষকের ৫৪টি পদের ৩০টিই শূন্য, পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকসংকটে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পদোন্নতিজনিত কারণে এ কলেজে প্রভাষকের ৫৪টি পদের মধ্যে ৩০টি পদ শূন্য হয়ে পড়েছে। একই কারণে এখন এখানে আটটি বিভাগে কোনো শিক্ষক নেই। সহকারী ও সহযোগী অধ্যাপকের পদ সৃষ্টি না হওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে।কলেজ সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ২৭ মার্চ পঞ্চগড় মহিলা কলেজকে জাতীয়করণ করা হয়। তখন কলেজের সব শিক্ষককে প্রভাষক হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু দীর্ঘদিনেও কলেজটিতে সহকারী ও সহযোগী অধ্যাপকের পদ সৃষ্টি করা হয়নি। এ কারণে প্রভাষকেরা পদোন্নতি বা বদলিজনিত কারণে অন্য কলেজে চলে গেলে শিক্ষকসংকট সৃষ্টি হয়।কলেজ সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরেই এ কলেজে প্রভাষকের ৫৪টি পদের মধ্যে ১৭টি পদ শূন্য। শিক্ষা মন্ত্রণালয় ১২ জুলাই এক আদেশে পদোন্নতিজনিত কারণে সমাজবিজ্ঞান, মার্কেটিং, ভূগোল, হিসাববিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের দুজন করে এবং বাংলা, অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, রসায়ন, ফিন্যান্স ও ব্যবস্থাপনা বিভাগের একজন করে শিক্ষককে অন্যত্র বদলি করেছে। এতে হিসাববিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, ব্যবস্থাপনা, রসায়ন, মার্কেটিং ও সমাজবিজ্ঞান বিভাগ শিক্ষকশূন্য হয়ে পড়েছে।কলেজ সূত্রে আরও জানা গেছে, বর্তমানে কলেজের প্রায় দুই হাজার ছাত্রী লেখাপড়া করছে। সব ধরনের সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় অবকাঠামো থাকা সত্ত্বেও কেবল সহকারী ও সহযোগী অধ্যাপকের পদ সৃষ্টি না হওয়ায় এ কলেজে স্নাতক (সম্মান) কোর্স চালু করা যাচ্ছে না। কলেজ কর্তৃপক্ষ এখানে ২২টি সহযোগী অধ্যাপক, ২২টি সহকারী অধ্যাপক ও দুটি প্রদর্শকের পদ সৃষ্টির জন্য গত ২৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে আবেদন করেছে।কলেজের উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, সহকারী ও সহযোগী অধ্যাপকের পদ সৃষ্টি করার জন্য গত ২৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে আবেদন করা হয়েছে। আবেদনটি শিক্ষা মন্ত্রণালয় থেকে সংস্থাপন মন্ত্রণালয়ে গেছে।