প্রভু হওয়ার চেষ্টা করবেন না: নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বিদেশি কূটনীতিকদের উদ্দেশে বলেছেন, ‘বিদেশি বন্ধুদের বলতে চাই, আপনারা আমাদের বন্ধু, বন্ধু হয়েই থাকুন। প্রভু হওয়ার চেষ্টা করবেন না। রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি।’
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী তাঁতি লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় নাসিম এসব কথা বলেন।
নির্বাচন কমিশনের উদ্দেশে নাসিম বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনকে বলব, আপনারা একটি স্বাধীন শক্তিশালী কমিশন। কারও পরামর্শ শুনবেন না। প্রয়োজনে আপনাদের সংসদ আরও শক্তি দেবে। অহেতুক কারও পরামর্শ শুনবেন না।’
নাসিম বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন সাড়ে পাঁচ হাজারের বেশি নির্বাচন করেছে। একটি নির্বাচন নিয়ে কেউ অভিযোগ করেনি। কমিশন মানুষের আস্থা অর্জন করেছে। যাদের লজিস্টিক সাপোর্ট (উপকরণগত সহায়তা) ছাড়া কোনো সাপোর্ট দরকার নেই, তাদের পরামর্শ শুনবেন না। প্রধানমন্ত্রী বলেছেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার প্রয়োজনে আরও শক্তি নির্বাচন কমিশনকে দেওয়া হবে।’
বিএনপির উদ্দেশে নাসিম বলেন, ‘প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসুন। জনগণের কাছে থাকলে চাইলে জামায়াত-শিবির ও হেফাজত ছাড়ুন। তাহলে হয়তো জনগণ আপনাদের আস্থায় নিতেও পারে। আর তা না হলে আপনারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। অহেতুক মাঠ গরম করবেন না। হেফাজতকে মাঠে নামাবেন না।’
বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘সঠিক সময়েই নির্বাচন হবে। আমরা এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনারাও প্রস্তুতি নিন।’
আগামী ১২ সেপ্টেম্বর সংসদের অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘সব বিষয় নিয়ে সংসদেই আলোচনা হবে। সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন বর্তমান প্রধানমন্ত্রী। তিনি নির্বাচিত একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। এতে অংশ নিতে চাইলে প্রস্তাব দিন।’
আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের নেতা মোহাম্মদ সেলিম প্রমুখ।