দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ সদস্য পদ ছেড়ে দেওয়ার কথা জানালেন কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদি। সব ধরনের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমি দুর্নীতি করেছি বা একটি টাকা বিদেশে পাঠিয়েছি বা একটি পয়সা অবৈধ পথে আয় করেছি কিংবা মাদক ব্যবসা করেছি বা আমার বিরুদ্ধে করা একটি অভিযোগও প্রমাণিত হলে আমি সংসদ সদস্য পদ ছেড়ে দিয়ে সাধারণ জনগণের কাতারে দাঁড়াব।’
গতকাল রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন সাংসদ বদি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘প্রায় সাড়ে তিন কোটি টাকা আয়কর দিয়েছি আমি। গত দুই অর্থবছরে সেরা করদাতা হিসেবে আমি কক্সবাজারে পরিচিত। করবহির্ভূত একটি টাকাও কোথাও নেই। কোনো কালোটাকাও সাদা করি নাই।’
আয়ের উৎসের প্রশ্নে বদি বলেন, ‘সরকারের দেওয়া বৈধ লাইসেন্সে টেকনাফ বন্দরে সীমান্ত বাণিজ্য করি। সেগুনকাঠ, শুঁটকি, তেল আমদানি-রপ্তানি করে এই আয়।’ কোনো ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন দাবি করে এই সাংসদ বলেন, ‘কেউ যদি আমার নাম ব্যবহার করে প্রশাসনের কাছে সুবিধা নেয়, সেটার দায় তো আমি নিতে পারব না।’ বরং তিনি গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘এটা স্রেফ মিডিয়ার অপপ্রচার। আপনাদের এক সাংবাদিকের ভাই মাদকের কারণে এখন কারাগারে, খোঁজ নিয়ে দেখেন। আমি নাম বলব না।’
৩৫১ গুণ আয় বৃদ্ধি প্রসঙ্গে সাংসদ বলেন, ২০০৮ সালে টাকার মান আর ২০১১ ও ২০১৩ সালে টাকার মান কি এক? একজন শ্রমিকের ন্যূনতম মজুরি যখন পাঁচ হাজার টাকা, তখন একজন ব্যবসায়ীর আয় কেন বাড়বে না।
অতিরিক্ত সম্পদ অর্জনের অভিযোগে আবদুর রহমানকে গতকাল জিজ্ঞাসাবাদ করেন অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক আহসান আলী। প্রথম আলোকে আহসান আলী জানান, অনুসন্ধানে সাংসদ বদির নামে-বেনামে প্রচুর সম্পদের তথ্য পাওয়া গেছে। আরও তথ্যের জন্য রাজধানী ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং বিভিন্ন ব্যাংকে হিসাব ও আর্থিক লেনদেন জানতে বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠিও দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে দালিলিক প্রমাণও পাওয়া গেছে।
গত ১২ জানুয়ারি সাত সাবেক সাংসদ ও মন্ত্রী-প্রতিমন্ত্রীর হঠাৎ বেড়ে যাওয়া সম্পদের বৈধতা খুঁজতে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
২০ ফেব্রুয়ারি সাবেক পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, ২৩ ফেব্রুয়ারি সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং ২৪ ফেব্রুয়ারি
সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে নোটিশ দিয়েছে দুদক।