প্রমাণ করতে হবে দলীয়ভাবে নির্বাচন খারাপ ব্যবস্থা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন একটি নতুন ব্যবস্থা। যেকোনো নতুন ব্যবস্থাকে সহজভাবে গ্রহণ করতে হবে, প্রমাণ করতে হবে এটি কোনো খারাপ ব্যবস্থা নয়। দলীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করা সম্ভব।
গতকাল বৃহস্পতিবার খুলনা সার্কিট হাউস মিলনায়তনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় প্রস্তুতি নিয়ে এক মতবিনিময় সভা হয়। সেখানেই প্রধান অতিথির বক্তৃতায় এবং সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনের মূল কাজ হচ্ছে আইন ও বিধি মোতাবেক নির্বাচন করা। সবার সহযোগিতায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম কমিশন। ইউপি নির্বাচন হচ্ছে সবচেয়ে তৃণমূল পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, এর মাধ্যমে স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী হবে। তিনি আরও বলেন, অন্যান্য দেশের নির্বাচনী ব্যবস্থার চেয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের সক্ষমতা কোনো অংশে কম নয়। নির্বাচন শান্তিপূর্ণ ও সবার কাছে গ্রহণযোগ্য করতে আইনি বাধ্যবাধকতা মেনে কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে। শান্তিপূর্ণ ও মডেল নির্বাচন উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান ও খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান উপস্থিত ছিলেন।