স্পিকার আবদুল হামিদ বলেছেন, ‘কথায় নয় কাজে প্রমাণ করতে হবে সাংসদেরা দারিদ্র্যবান্ধব আইন প্রণয়নে সক্ষম। কারণ, দরিদ্র কিংবা অতি দরিদ্র যে শব্দই হোক না কেন, তা আমাদের শত্রু। এ জন্য দারিদ্র্য শব্দটি আমাদের আলোচনা থেকে মুছে ফেলতে দল-মত নির্বিশেষে সব সাংসদকে দৃঢ় অবস্থান নিতে হবে। সাংসদদের দরিদ্র মানুষের পক্ষে দৃঢ় অবস্থান নিতে হবে।স্পিকার গতকাল শনিবার জাতীয় সংসদের শপথ কক্ষে সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) ‘বাংলাদেশের চরম দারিদ্র্য’ বিষয়ে লিডারশিপ ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ কোর্সে বিভিন্ন দলের ২০ জন সাংসদ অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এ সাত্তার মণ্ডল ও যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জো ডিভাইন অনুষ্ঠানে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন। সাংসদেরা প্রবন্ধের বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন এবং বাংলাদেশ থেকে দারিদ্র্য দূরীকরণে পরামর্শমূলক বক্তব্য দেন।স্পিকার বলেন, বিভিন্ন ওরিয়েন্টেশন কোর্সে অংশ নেওয়ার মাধ্যমে সাংসদেরা জলবায়ু পরিবর্তন, তথ্য অধিকার, বাণিজ্যনীতি, দারিদ্র্য দূরীকরণ ও জনসংখ্যা নিয়ন্ত্রণসহ সমসাময়িক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তাঁদের অভিজ্ঞতা, দক্ষতা ও জ্ঞানের পরিধি বহুলাংশে বৃদ্ধি করেছেন। সংসদের বিভিন্ন আলোচনা ও বিতর্কে ইতিমধ্যে এর প্রতিফলন পরিলক্ষিত হচ্ছে।আবদুল হামিদ বলেন, অনেক কষ্টে অর্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রাকে গণমানুষের আকাঙ্ক্ষায় পরিণত করতে দারিদ্র্যকে হটাতে হবে। আর এ ক্ষেত্রে সাংসদদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি বাংলাদেশের অতি দারিদ্র্য পরিস্থিতি ও করণীয় সম্পর্কে তথ্যবহুল ও নির্দেশনামূলক প্রতিবেদন তৈরির জন্য সরকারি ও বিরোধীদলের সাংসদদের সমন্বয়ে একটি অতি দরিদ্রবিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপ গঠনের ঘোষণা দেন।