প্রমাণ দিতে হবে নইলে ক্ষমা চাইতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া প্রতিবেদনের সত্যতা প্রমাণ করতে না পারলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) অবিলম্বে তাদের প্রতিবেদন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, প্রমাণ করতে না পারলে টিআইবিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিনের এক সিদ্ধান্ত প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে গতকাল বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী এ দাবি করেন।
মঙ্গলবার টিআইবির এক প্রতিবেদনে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষায় পাস করিয়ে দেওয়া থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট, নিরীক্ষা, ভুয়া সনদ, পাঠ্যক্রম, বিভাগ অনুমোদন ও অনুষদ অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিষ্পত্তি, বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য পরিদর্শন, ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অনুমোদন এবং বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদনসহ বিভিন্ন কাজে ৫০০ থেকে তিন কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়।