
নারায়ণগঞ্জে নিহত স্কুলছাত্র তানভীর মোহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেছেন, ত্বকী হত্যার সঙ্গে শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমিরী ওসমানের সম্পৃক্ততার প্রমাণ প্রধানমন্ত্রীর কাছে একটি গোয়েন্দা সংস্থা উপস্থাপন করেছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘এখন আইনশৃঙ্খলা বাহিনী আপনার (প্রধানমন্ত্রী) নির্দেশের অপেক্ষায় রয়েছে। আপনি নির্দেশ দিলেই তাঁরা শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানকে গ্রেপ্তার করতে পারে।’
আজ শুক্রবার নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের বিচার দাবি করে ভিন্নধর্মী সাংস্কৃতিক প্রতিবাদ সমাবেশ করেছে জেলার শ্রুতি সাংস্কৃতিক একাডেমি। সেখানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন রফিউর রাব্বি।
ত্বকীর বাবা প্রধানমন্ত্রীর উদ্দেশে আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি বলেছেন, সন্ত্রাসী যে দলেরই হোক, তাদের কোনো দল নেই। আমরা বিশ্বাস করি এটা শুধুই আপনার কথার কথা নয়।’ তিনি বলেন, ত্বকী হত্যাকাণ্ডে বিচার হতেই হবে। সরকার বিচার না করলে জনগণ বিচার আদায় করে নেয়। আর জনগণ বিচার আদায় করে নিলে তাতে শুধু ওসমান পরিবারই কলঙ্কিত হবে না বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সমানভাবে কলঙ্কিত হবেন। কারণ, তাহলে জনগণ বুঝবে প্রধানমন্ত্রী সন্ত্রাসী-গডফাদারদের বিচার না করে তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন এবং তাদের রক্ষা করে বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন।’
ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর আগামী নির্বাচনে নাসিম, সেলিম ও শামীম ওসমানকে মনোনয়ন না দিতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। জনগণের কাছে ভোট চাইছেন। কিন্তু জনগণের কাছে ভোট চাইবেন আর শামীম ওসমানদের মতো গডফাদারদের গ্রেপ্তার করবেন না, তাহলে জনগণ আপনাকে ভোট দেবে, এমনটি ভাবার কোনো অবকাশ নেই। আর নাসিম-শামীমকে পাশে নিয়ে ভোট চাইলে ভোট পাবেন, সেটাও ভাববার কোনো কারণ নেই।’

ত্বকী হত্যার ছয় মাস পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সহায়তায় শ্রুতি সাংস্কৃতিক একাডেমি তিন মাধ্যমের (প্রামাণ্য চিত্র, পথনাটক ও মাইমোড্রামা) কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির স্লোগান ছিল, ‘শীতলক্ষ্যায় আর কোনো লাশ নয়, ত্বকী হত্যার বিচার চাই।’ অনুষ্ঠানে অরিন্দম পাল ঝিনুকের নির্মাণে ১৮ মিনিটের প্রামাণ্য চিত্র ‘আলোর মিছিল’, শহিদুল হক খান শ্যাননের নির্দেশনা ও রচনায় এবং অরিন্দম পাল ঝিনুকের ইম্প্রোভাইজড নির্দেশনায় ২৬ মিনিটের পথ নাটক ‘বাবার বাবা’ এবং অরিন্দম পাল ঝিনুকের নির্দেশনায় ৯ মিনিটের মূকাভিনয় ‘সূর্যগ্রহণ’ প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মফিদুল হক বলেন, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের কপালে সন্ত্রাসের দায়ে কলঙ্কের তিলক লেপন হয়েছে। সন্ত্রাসের ভয়ংকর রূপ নিয়ে তারা আত্মপ্রকাশ করেছে। তিনি বলেন, মেধাবী ত্বকীকে যারা হত্যা করেছে, তারা যে পরিবার বা রাজনৈতিক দলেরই হোক না কেন, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। তিনি সন্ত্রাস ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি আওয়ামী লীগের ঐতিহ্য এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে ত্বকী হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
সংগঠনের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্ট্রি মফিদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। বক্তব্য দেন, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির সভাপতি আবদুর রহমান, পরিচালক ধীমান সাহা, নীতিনির্ধারণী সদস্য রণজিত কুমার, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ প্রমুখ।
গত ৬ মার্চ বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় মেধাবী স্কুল ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হয়।