প্রমাণ নেই, তবু মুক্তিযোদ্ধার তালিকায় তাঁদের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তদন্ত প্রতিবেদনে মুক্তিযুদ্ধে তাঁদের অবদানের কোনো তথ্য-প্রমাণ মেলেনি। তারপরও মুক্তিযোদ্ধা হিসেবে তাঁরা স্বীকৃতি পেয়েছেন। গত বছর তাঁদের নাম গেজেটে প্রকাশ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রংপুরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
ওই দুই নারীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ।
এই দুই নারী হলেন রংপুর শহরের রাধাবল্লভ এলাকার আনোয়ারা বেগম ও তাজহাট এলাকার আয়শা বেগম। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৩৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, এই দুই নারীকে প্রকৃত মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) স্বীকৃতি দিয়ে গত বছরের ১৭ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে ১৪৭ ক্রমিক নম্বরে আনোয়ারা ও ১৪৮ ক্রমিক নম্বরে আয়শার নাম অন্তর্ভুক্ত করা হয়।
মুক্তিযুদ্ধ চলাকালে ওই দুই নারীর অবদান যাচাই-বাছাই করতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ২০১৫ সালের অক্টোবরে চারজনকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দেন। এই কমিটির আহ্বায়ক হলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা বেগম। অন্য তিন সদস্য হলেন রংপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আফরোজ জেসমিন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরিন ও সদর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লায়লা আকতার বানু।
কমিটি তদন্ত করে দুই নারীর জন্য পৃথক দুটি তদন্ত প্রতিবেদন ইউএনওর কাছে দাখিল করে। প্রতিবেদনে দুই নারী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এমন কোনো তথ্য-প্রমাণ মেলেনি বলে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক সদর উপজেলার সাবেক শিক্ষা কর্মকর্তা সেলিনা বেগম (বর্তমানে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় কর্মরত) গতকাল রোববার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ইউএনও স্যারের নির্দেশে গঠিত তদন্ত কমিটির চার সদস্য দীর্ঘ সময় ধরে দুই নারী মুক্তিযুদ্ধের সময় বীরাঙ্গনার বিষয়টি নিয়ে তদন্ত করেছি। ওই দুই নারীসহ তাঁদের পরিবারের সদস্য ও এলাকার মুক্তিযোদ্ধাদের সঙ্গেও কথা বলেছি। কিন্তু পাকিস্তানি হানাদারদের হাতে তাঁরা যে নির্যাতিত হয়েছেন এমন প্রত্যক্ষ প্রমাণ কেউ দিতে পারেনি।’
রংপুর সদর উপজেলার ইউএনও জিয়াউর রহমান বলেন, তদন্ত প্রতিবেদেন যথাসময়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রতিবেদনে তাঁদের (দুই নারী) মুক্তিযুদ্ধ চলাকালে বীরাঙ্গনার সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। তারপরও তাঁদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ হয় কী করে জানতে চাইলে ইউএনও বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই।’
এদিকে এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোছাদ্দেক হোসেন বলেন, ‘আনোয়ারা বেগম ও আয়শা বেগম বীরাঙ্গনা নন। তদন্ত কমিটিও তদন্ত করে এর কোনো সত্যতা পায়নি। কিন্তু প্রজ্ঞাপনে তাঁদের নাম দেখে আমরা মুক্তিযোদ্ধারা অবাক হয়েছি।’ এ বিষয়ে কোনো সুরাহা না হলে তাঁরা আন্দোলনে যাবেন বলে জানান মুক্তিযোদ্ধা সংসদের ওই নেতা।
এ প্রসঙ্গে আনোয়ারা বেগম ও আয়শা বেগম সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে চাননি। তাঁদের পরিবারের সদস্যরা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এ নিয়ে তদন্ত কমিটির কাছেই বলা হয়েছে। নতুন করে কিছু বলতে চান না তাঁরা।