প্রমাণ হয়েছে পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু প্রমাণ হয়েছে দুর্নীতির অভিযোগ ছিল ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত।

আজ শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দিনব্যাপী সফর কর্মসূচিতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন শেষে গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চ্যালেঞ্জ করেছিলাম যে এ প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। এখন এটা প্রমাণিত যে ওই অভিযোগ ছিল ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের সরকারের বিরুদ্ধে তাদের এই ভিত্তিহীন অভিযোগ ও ষড়যন্ত্রের কারণে আমরা তাদের (বিশ্বব্যাংক) অর্থায়ন প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের ঘোষণা দিই।’ একই সঙ্গে ২০১৮ সালের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণকাজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপি-জামায়াত জোটের জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ ছাড়া জাতিকে আর কিছুই দিতে পারেনি। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করতে তারা সব ধরনের জঘন্য অপরাধ করেছে।

সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছান। এরপর তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এরপর প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ৫৫ গ্রামের ১২ হাজার পরিবারে বিদ্যুতের সংযোগ, টুঙ্গিপাড়ায় ৫ কেভিএ বিদ্যুৎ সাব-স্টেশন ও টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ভবনে ৩০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্যানেলের উদ্বোধন করেন।
এ ছাড়া তিনি রাজাপুর খেয়াঘাট-জহরেরকান্দি সড়কে ৩৯ মিটার গার্ডার ব্রিজ, পূর্ব লাটেঙ্গা-পশ্চিম লাটেঙ্গা সড়কে ১৭ মিটার আরসিসি গার্ডার ব্রিজ এবং টুঙ্গিপাড়া উপজেলা সোনালী ব্যাংক ভবনের উদ্বোধন করেন।
এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী নসরুল হামিদ, নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মাদ আবদুল্লাহ ও স্থানীয় আওয়ামী লী​গের নেতারা উপস্থিত ছিলেন।