প্রমাণ হলো, জামায়াত সন্ত্রাসী সংগঠন: ১৪ দল
জামায়াতের নিবন্ধন বাতিল করা সংক্রান্ত হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের নেতারা বলেছেন, জামায়াত যে সন্ত্রাসী সংগঠন সেটা আবার প্রমাণ হলো। সহিংসতার চেষ্টা করলে তাদের সন্ত্রাসীদের মতোই দমন করা হবে।
আজ জামায়াতের নিবন্ধন বাতিল-সংক্রান্ত রায় দেওয়ার পর জোটটির নেতারা এসব মন্তব্য করেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ প্রথম আলো ডটকমকে বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করায় আরও আগেই নিষিদ্ধ হওয়া উচিত ছিল। তবে তাদের চূড়ান্তভাবে নিষিদ্ধ হওয়ার জন্য আপিল বিভাগের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
সভাপতিমণ্ডলীর অপর সদস্য নূহ উল আলম লেনিন প্রথম আলো ডটকমকে বলেছেন, এ রায়ের ফলে তাদের আর রাজনীতি করার বৈধতা নেই।
এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জামায়াতের নিবন্ধন বাতিল করে দেওয়া রায়ের বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘জামায়াত যে সন্ত্রাসী সংগঠন সেটা আবার প্রমাণ হলো। তারা যদি কোনো সহিংসতার চেষ্টা করে, তাহলে সন্ত্রাসীদের যেভাবে দমন করা হয়, তাদেরও সেভাবে দমন করা হবে।’ তিনি বলেন, স্বাধীনতার বিরোধিতা করার পরও গত ৪২ বছরে তাদের মধ্যে অনুতাপ লক্ষ করা যায়নি। বরং তারা একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড করে ফ্যাসিস্ট দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। হাইকোর্টের রায়ে এটাই প্রমাণিত হয়েছে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফ বলেন, ‘নির্বাচন কমিশন এখন জামায়াত নিষিদ্ধের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করি।’
জামায়াতের নিবন্ধন বাতিল প্রসঙ্গে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রথম আলো ডটকমকে বলেন, ‘এটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশিত রায়। কারণ, তারা ছিল স্বাধীনতাবিরোধী। তারা আইন-আদালত কিছুই মানে না। সুতরাং তাদের নিষিদ্ধ করা উচিত।’
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া রায়কে স্বাগত জানিয়ে প্রথম আলো ডটকমকে বলেন, ‘এই রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। তবে চূড়ান্তভাবে জামায়াত নিষিদ্ধ না হওয়া পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে না।’