বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে নিয়ে এত দিন বিএনপি মিথ্যাচার করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘বিএনপির নেতা সালাহ উদ্দিনের সঙ্গে তাঁর স্ত্রীর কথা হয়েছে, গণমাধ্যমের এমন খবরই প্রমাণ করে এত দিন বিএনপি মিথ্যাচার করেছে।’
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গতকাল মঙ্গলবার ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম এ মন্তব্য করেন। তিনি ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানান।
বিমানমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে ১৪ দলের ওই বৈঠক হয়। বৈঠকে ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি সম্পন্নে অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুবিধাজনক সময়ে সংবর্ধনা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘খালেদা জিয়া এত দিন দাবি করেছেন, সালাহ উদ্দিন র্যা বের কাছে আছেন। বেগম সালাহ উদ্দিন বলেছেন, তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছেন। এসব ঘটনা কী, তা বর্তমানে মিথ্যাচারে পরিণত হয়েছে। সালাহ উদ্দিনের গুমের বিষয়ে বিএনপি দেশবাসীকে বিভ্রান্ত করতে চেয়েছিল। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত এসব খবরের পর তা বিএনপির মিথ্যাচার প্রমাণ হয়েছে। জনগণ বিএনপির কোনো মিথ্যাচারে বিভ্রান্ত হবে না।’
এর আগে সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম বলেন, ১৪ দল সিদ্ধান্ত নিয়েছে, ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি সম্পন্নে অবদান রাখায় যেকোনো সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী ও জোট নেত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে। একই সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হককে অভিনন্দন জানায় ১৪ দল, দেশে এলে তাঁদেরও সংবর্ধনা দেবে।
বৈঠকে ভারতের পার্লামেন্টে স্থলসীমান্ত বিল পাসের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাদ দিয়ে শুধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানানোয় নিন্দা জানানো হয়। সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং বনমন্ত্রী ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বক্তব্য দেন।
ছাত্র ইউনিয়নের ওপর হামলার নিন্দা: ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলার নিন্দা করেছেন মোহাম্মদ নাসিম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনার নিন্দা জানাই। আমরা এটা কখনো সমর্থন করি না। ইতিমধ্যে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আশা করি তাদের প্রতিবেদনের পর আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
১৪ দলের বৈঠকে আরও উপস্থিত ছিলেন ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান, ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হক, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।