প্রমাণিত হয়েছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, ৫ জানুয়ারির জাতীয় নির্বাচন ও সদ্য শেষ হওয়া উপজেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই এখনই ঠিক করতে হবে, নির্বাচনকালীন সরকারব্যবস্থা কেমন হবে।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে ‘দলীয় সরকারের অধীনে নির্বাচন তছনছ: সুষ্ঠু নির্বাচনে বিকল্প ভাবনা’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে নাগরিক ঐক্য। বক্তাদের অনেকে বর্তমান ব্যবস্থার পরিবর্তে ভোটের আনুপাতিক হারে সংসদ নির্বাচন করার ওপর গুরুত্বারোপ করেন।
সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন পরিষ্কার করতে চাইলে দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে এবং তৃণমূল পর্যায় থেকে নির্বাচন করে নিয়ে আসতে হবে। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা না নেওয়ায় আক্ষেপ করে বলেন, ‘যে কমিশনই হোক, একটা ব্যবস্থা তো নেবে।’
প্রাবন্ধিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, যদি নিয়মকানুন ঠিক থাকে, তাহলে যেকোনো ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব। প্রশাসন সৎ থাকলে ও পুলিশ নিরপেক্ষ থাকলে সমস্যা হবে না। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান বলেন, এখন যারা ক্ষমতায় আছে, তারা খুব করে বলেছিল, তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই, নির্বাচন কমিশন শক্তিশালী, তারাই সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিতে পারে। কিন্তু গত ৫ জানুয়ারির জাতীয় নির্বাচন ও এবারের উপজেলা পরিষদ নির্বাচনে তার প্রতিফলন দেখা যায়নি। দলীয় সরকারের অধীনে নির্বাচন তছনছ হয়ে গেছে।
আইনজীবী শাহদীন মালিক বলেন, বর্তমানে এক দল সম্পূর্ণ স্বৈরাচারী। যেকোনোভাবে ক্ষমতায় থাকতে চায়। আরেক দলের ইশতেহার হলো তারেক রহমানকে ক্ষমতায় বসানো। তিনি গতকাল প্রথম আলোতে প্রকাশিত বিদেশি বন্ধু ও সংগঠনকে মুক্তিযুদ্ধের সম্মাননা ক্রেস্টের স্বর্ণে ভেজালসংক্রান্ত প্রতিবেদনের প্রসঙ্গ টেনে বলেন, ‘এখন ১২ আনাই দুর্নীতি করা হচ্ছে, কিন্তু বাকি চার আনা কাজও ভালোভাবে হচ্ছে না; অদক্ষভাবে করা হচ্ছে।’
সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, প্রমাণিত হয়ে গেছে, বর্তমান শাসকগোষ্ঠীর অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনা মোহসীন স্বল্প বা মধ্যমেয়াদি ব্যবস্থা হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিনিধি নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের ভাবনার কথা জানান।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান অবিলম্বে নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি জানান। তিনি বলেন, ‘ভবন চলে যাবে, কিন্তু হাওয়া রয়ে যাবে—এমন রাজনীতি আর চাই না।’
আরও বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সাংবাদিক আশরাফ কায়সার প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক মাহমুদ জামাল কাদেরী।