প্রমিন্যান্ট হাউজিংয়ের নিবন্ধন দাবি করেছেন ক্রেতারা
রাজধানীর আদাবরের পিসি কালচার রোডে প্রমিন্যান্ট হাউজিংয়ের আবাসিক প্রকল্পের ফ্ল্যাটের নিবন্ধন দাবি করেছেন ক্রেতারা। ওই আবাসন প্রকল্পের ক্রেতাদের অভিযোগ, দেড় যুগের বেশি সময় আগে কিনলেও বেশির ভাগ ক্রেতাই মালিকানা বুঝে পাননি। প্রকল্পের মালিক ও বিএনপির নেতা মঞ্জুর কাদের ফ্ল্যাটের নিবন্ধন দিচ্ছেন না বলে তাঁরা অভিযোগ করেন। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ক্রেতারা এসব অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে প্রমিন্যান্ট হাউজিং ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি খুরশীদা রহমান লিখিত বক্তব্যে বলেন, প্রকল্পের ২৮টি ভবনে ২৪০টি পরিবার ১০ থেকে ১৮ বছর ধরে বসবাস করে আসছে। তারা ফ্ল্যাটের দাম ইতিমধ্যে পরিশোধ করেছে। কিন্তু বেশির ভাগ ফ্ল্যাটের এখনো নিবন্ধন দেওয়া হয়নি। ফ্ল্যাটের নিবন্ধন চাইতে গেলে মঞ্জুর কাদের মামলা দিয়ে ফ্ল্যাট মালিকদের হয়রানি করছেন। ফ্ল্যাটের দামও দিচ্ছেন না।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্ল্যাটের মালিক ও ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোল্লা বশীর আহমেদ, মিজানুর রহমান, খান মো. রফিকুল ইসলাম, মোরশেদ আফজাল হোসেন, আবদুল হামিদ ও শিল্পী মনিরুজ্জামান।যোগাযোগ করা হলে প্রমিন্যান্ট হাউজিং আবাসিক প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক রেজা কাদের প্রথম আলোকে বলেন, সাংসদ গোলাম কাদের তাঁর বড় ভাই। তিনি এই প্রকল্পেরও কেউ নন। তাঁকে জড়িয়ে রাজনৈতিক ফায়দা লুটে নেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। যাঁরা কিস্তিতে টাকা পরিশোধ করেছেন, ইতিমধ্যে তাঁদের ফ্ল্যাটের নিবন্ধন দেওয়া হয়েছে। যাঁরা সংবাদ সম্মেলন করেছেন তাঁরা কিস্তির টাকা পরিশোধ না করে আন্দোলনে নেমেছেন। ফ্ল্যাটের দাম পরিশোধ না করায় তাঁরা নিবন্ধনও পাননি। রেজা কাদের বলেন, মামলা করে হয়রানি করার উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা।