প্রমোদ মানকিনকে সমাধিস্থ করা হবে আজ
সদ্য প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনকে আজ শুক্রবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাটে সমাহিত করা হবে। হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলালুজ্জামান সরকার গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। এদিকে রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত প্রতিমন্ত্রীর প্রতি গতকাল শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন।
শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য গতকাল বিকেলে প্রমোদ মানকিনের মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাখা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত প্রতিমন্ত্রীর কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। পরে তিনি দলের প্রধান হিসেবে আওয়ামী লীগের পক্ষে কফিনে ফুল দেন। শেখ হাসিনা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং প্রয়াত নেতার পরিবারের সদস্যদের শোক ও সহানুভূতি জানান।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিরোধীদলীয় নেতার পক্ষে দলীয় হুইপ মো. সেলিম এমপিসহ সাংসদেরা প্রয়াত প্রতিমন্ত্রীর কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রমোদ মানকিনকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও। প্রসঙ্গত, প্রতিমন্ত্রী খ্রিষ্টধর্মাবলম্বী ছিলেন।
প্রমোদ মানকিন গত বুধবার ভোররাতে ভারতের মুম্বাই শহরের হলি ফ্যামিলি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি ফুসফুসের ক্যানসারজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি পাঁচ মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
প্রমোদ মানকিন গারো ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে সামাজিক সংস্থা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সর্বশেষ প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯১ সালে আওয়ামী লীগে যোগদানের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।