প্রয়াত দুই বিচারপতি ও ৪১ আইনজীবীকে স্মরণ
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বজলুর রহমান ও হাইকোর্ট বিভাগের বিচারপতি জে এন দেব চৌধুরী এবং ৪১জন প্রয়াত আইনজীবীকে স্মরণ করলেন ঢাকার জেলা ও দায়রা জজশিপ। আজ রোববার জেলা ও দায়রা জজ এজলাসে সকালে ফুল কোর্ট রেফারেন্সে স্মরণসভা অনুষ্ঠিত হয়। তাই দুপুর ১২টা পর্যন্ত আদালতের সব ধরনের কাজ মুলতবি রাখা হয়।
এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান। তিনি বলেন, দুজন বিচারপতি এবং ৪১ জন আইনজীবী ন্যায় বিচার নিশ্চিত করতে যে অবদান রেখে গেছেন আইনজীবী সমিতি তা স্মরণ করবে। তিনি সমিতির পক্ষ থেকে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রয়াত দুই বিচারপতি ও ৪১ আইনজীবীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ওই অনুষ্ঠানে ঢাকার মহানগর দায়রা জজ, মুখ্য বিচারিক হাকিম, মুখ্য মহানগর হাকিম আদালতসহ সব স্তরের বিচারক এবং ঢাকা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন তাঁদের অনেকে।