আইসিসি বাংলাদেশের দুদিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন
প্রয়োজন টেকসই প্রবৃদ্ধি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন
সামাজিক সমস্যা বিবেচনায় রেখে ব্যবসা সম্প্রসারণ ও উদ্ভাবনী কাজে ব্যবসায়ীদের অগ্রসর হওয়ার আহ্বান জানিয়ে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি)) আয়োজিত দুদিনের আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে টেকসই প্রবৃদ্ধির জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পরামর্শ দেওয়া হয়।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আইসিসি বাংলাদেশের ২০ বছর পূর্তি উপলক্ষে ‘বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার: এশিয়া পরিপ্রেক্ষিত’ শিরোনামে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘সস্তা শ্রম বাংলাদেশের শিল্পকে বিশ্ববাজারে অনেক বেশি প্রতিযোগিতা সক্ষম করেছে। এখন আমাদের দরকার যথেষ্ট কর্মসংস্থান তৈরি করা। প্রতিবছর ২০ লাখ লোক আমাদের শ্রমবাজারে যুক্ত হচ্ছে।’
রাষ্ট্রপতি আরও বলেন, দ্রুত প্রবৃদ্ধির ক্ষেত্রে উন্নয়নশীল এশিয়ার দেশগুলো এখনো বিশ্বে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। সম্প্রতি এশিয়ার দেশ চীন বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশে পরিণত হয়েছে। অর্থনৈতিক নানা সংস্কার কার্যক্রম এশিয়ার প্রবৃদ্ধির এ ধারাকে আরও বেগবান করবে।
আইসিসি, বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা আঙ্কটাডের মহাসচিব মুকিশা কিতুই, আইসিসির সহসভাপতি সুনীল ভারতী মিত্তাল, আইসিসি রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি ভিক্টর কে ফাং।
এ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতিসংঘের মহাসচিব বান কি মুন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক রবার্তো আজেভাদো বিশেষ বাণী দিয়েছেন। আলাদা বাণীতে তাঁরা সম্মেলনের সাফল্য কামনার পাশাপাশি বিশ্বের বিভিন্ন সমস্যা মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বাণী পড়ে শোনান আইসিসি, বাংলাদেশের সহসভাপতি এবং ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। একই সঙ্গে তিনি সম্মেলনে আসা ও উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পড়ে শোনান সম্মেলনের প্রধান সমন্বয়ক আসিফ ইব্রাহীম। আর ডব্লিউটিওর মহাপরিচালকের বাণীটি পাঠ করেন আইসিসির মহাসচিব জন ডেনিলোবিচ।
অর্থমন্ত্রী এ এম এ মুহিত বলেন, প্রবৃদ্ধির ক্ষেত্রে বাণিজ্যের পাশাপাশি বিনিয়োগ ও চাহিদা খুবই গুরুত্বপূর্ণ। ২০০৭ সালে বিশ্বজুড়ে যে মন্দা তৈরি হয়েছিল, অভ্যন্তরীণ চাহিদা বাড়িয়ে এশিয়ার দেশগুলো সেই মন্দা মোকাবিলা করেছে। অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর পাশাপাশি আয়বৈষম্য কমানোর বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। তা না হলে উৎপাদন প্রক্রিয়ায় স্থবিরতা দেখা দিতে পারে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, যাঁরা একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত করেছিলেন, তাঁরা এখন নানা খাতে বাংলাদেশের উন্নয়নকে অভিহিত করছেন ‘মিরাকল’ হিসেবে।
আঙ্কটাডের মহাসচিব মুকিশা কিতুই বলেন, এশিয়া অঞ্চলের অর্থনৈতিক অগ্রযাত্রা ধরে রাখতে হলে এখন সামাজিক ও যুব উন্নয়ন খাতে বেশি নজর দিতে হবে। আর এ অঞ্চলের দারিদ্র্য দূরীকরণে দরকার সবার সম্মিলিত প্রচেষ্টা।
সুনীল ভারতী মিত্তাল বলেন, ভারত ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী-আয়ের বড় ভূমিকা রয়েছে। তাই দুদেশের কর্মক্ষম যুবসমাজ যেন বিশ্বে অবাধ যাতায়াত করতে পারে, সে জন্য এখনই উদ্যোগ নিতে হবে।
আইসিসির বর্তমান সভাপতির মেয়াদ শেষে ভারতীয় শিল্পপতি সুনীল মিত্তাল আইসিসির সভাপতি হতে যাচ্ছেন। তাঁর মতে, শুধু প্রবৃদ্ধি দিয়ে সমাজের অসমতা ও আয়বৈষম্যগুলো দূর করা সম্ভব নয়। এ জন্য দরকার অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি। অর্থাৎ যে পন্থায় সামাজিক সমস্যাগুলোকে অন্তর্ভুক্তি করে ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করা হবে।
আইসিসি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ভিক্টর কে ফাংও তাঁর বক্তব্যে টেকসই প্রবৃদ্ধির জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পরামর্শ দেন।
আইসিসি বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, এবারের সম্মেলনে দেশি-বিদেশি পাঁচ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করছেন। সম্মেলনে যোগ দিতে শ্রীলঙ্কা, মিয়ানমার, নেপালের বেশ কয়েকজন মন্ত্রী ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন।
সম্মেলনের দ্বিতীয় দিনে আজ বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হবে। সোনারগাঁও হোটেলে দিনভর চলবে এ আলোচনা।