প্রয়োজন নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন

খাবারে ফরমালিন ছাড়াও উৎপাদন থেকে বাজারজাতকরণের প্রতিটি পর্যায়ে বিভিন্ন ধরনের বিষ ও ভেজাল মেশানো হচ্ছে। তাই শুধু ফরমালিন নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে খাদ্যের বহুমুখী বিষাক্ততা ও ভেজাল ঠেকানো সম্ভব নয়। প্রয়োজন অগ্রাধিকার ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন।
আজ বুধবার সকালে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং ডাব্লিউবিবি ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এমনটাই দাবি জানান বলে পবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। সম্প্রতি জাতীয় সংসদে খাদ্যে ফরমালিনের ব্যবহার বন্ধে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে ফরমালিন নিয়ন্ত্রণ বিল পাস করা হয়েছে এবং গুরুত্বের সঙ্গে পাবলিক টয়লেট বিষয়ে আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পবা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গতকাল সংসদে স্থানীয় সরকারমন্ত্রী সমস্যা সমাধানে ৩০টি পাবলিক টয়লেট নির্মাণের কথা বলেন। এর পরিপ্রেক্ষিতে আজকের সংবাদ সম্মেলনে বলা হয়, নানাবিধ প্রয়োজনে ঢাকায় প্রতিদিন প্রায় এক কোটি মানুষ বাসা থেকে বের হয়। অথচ এই বিপুলসংখ্যক মানুষকে পাবলিক টয়লেট ব্যবহারে ভোগান্তির শিকার হতে হয়। চাহিদার তুলনায় পাবলিক টয়লেট অপ্রতুল, তার চেয়েও বেশি ভুগতে হচ্ছে অব্যবস্থাপনার কারণে।
তাই বক্তারা মনে করেন, পাবলিক টয়লেট–বিষয়ক সুষ্ঠু নীতিমালা এবং পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং বিভিন্ন মন্ত্রণালয়ভিত্তিক একটি সমন্বয় কমিটি করা জরুরি।
সংবাদ সম্মেলনে পবার বিষমুক্ত নিরাপদ খাদ্য আন্দোলনের সদস্যসচিব লেলিন চৌধুরী, পবার চেয়ারম্যান আবু নাসের খান, ডাব্লিউবিবির ন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার মারুফ হোসেন, প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমান, পাবলিক হেলথ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোজাহেরুল হক, পবার সম্পাদক হাসান তারিক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ নেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের অধীনে ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির গবেষণা অনুযায়ী দেশের মানুষ প্রতিদিন যে মাছ, মাংস, দুধ, ফল, চাল, ডাল, তেল, মসলা ও লবণ খাচ্ছে তার শতকরা ৪০ থেকে ৫৪ ভাগেই ভেজাল রয়েছে। এসব খাদ্যে বিভিন্ন কীটনাশক মেশানো হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) ২০১০ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত এক সমীক্ষা অনুযায়ী কৃষি খাতে গত ১০ বছরে বিষাক্ত কীটনাশকের ব্যবহার ছয় গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
সংবাদ সম্মেলনে পাবলিক টয়লেট সমস্যা সমাধান এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষÿপ্রতিষ্ঠা, খাদ্য আদালত গঠন, পাবলিক টয়লেট না থাকলে বা মানসম্মত না হলে সহজে অভিযোগ দেওয়ার ব্যবস্থা ও প্রয়োজনে দোষীদের শাস্তি এবং জরিমানা নিশ্চিত করাসহ মোট ১৯টি দাবি জানানো হয়েছে।