পরিবেশগত পরিবর্তনের কারণে দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের কৃষি, মৎস্যসহ জীবন-জীবিকার ওপর নানা প্রভাব পড়ছে। দুর্যোগের ভয়াবহতার কারণে সরকারের আগের উন্নয়ন কাঠামো কাজে আসছে না। তাই উপকূলীয় অঞ্চলের মানুষের উন্নয়নে প্রয়োজন টেকসই ও মানসম্মত দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
‘উপকূলীয় উন্নয়ন, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা’ শীর্ষক এক সংলাপে এসব কথা বলা হয়। পটুয়াখালীর কুয়াকাটায় বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশ এই সংলাপের আয়োজন করে। তিন দিনের এই সংলাপ গতকাল বুধবার দুপুরে শেষ হয়।
সংলাপ অনুষ্ঠানের শুরুতে উপকূলের নানা ধরনের সমস্যা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা এবং সুশীলনের প্রধান নির্বাহী মোস্তফা নুরুজ্জামান।
উপস্থাপিত প্রবন্ধে বলা হয়, বারবার ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, মাত্রাতিরিক্ত লবণাক্ততার কারণে উপকূলের জীবনমানের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। উপকূলের বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় মানুষের ক্ষতির সঙ্গে কৃষি ও শিক্ষারও ক্ষতি হচ্ছে। বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ ও পরিকল্পনায়ও আছে নানা গলদ।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস বলেন, ‘আমি মনে করি উপকূলীয় এলাকার সার্বিক উন্নয়নের জন্য অবশ্যই সরকার, বেসরকারি সংস্থা এবং এলাকার মানুষের মধ্যে একটা সমন্বয় প্রয়োজন। উপকূলের মানুষের প্রধান সমস্যা বন্যানিয়ন্ত্রণ বাঁধ। বাঁধগুলো তৈরির প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হলে এ সমস্যার সমাধান হবে।’
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোশারফ হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণাঞ্চলের উন্নয়ন পরিকল্পনায় বারবার পরিবর্তন আনতে হচ্ছে। বন্যানিয়ন্ত্রণ বাঁধগুলো আগে পাঁচ ফুট উঁচু করে তৈরি করা হয়েছে। এখন দুর্যোগের ভয়াবহতার কারণে ১০ থেকে ২০ ফুট উঁচু করে তৈরি করতে হচ্ছে।
অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, সময়ের বাস্তবতা মেনে উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়। আট বছর আগে করা কাজ হয়তো তখনকার পরিস্থিতি অনুযায়ী করতে হয়েছে। এখন তা পরিবর্তন করতে হচ্ছে।
এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন, উপকূলীয় জনকল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জয়নাল আবেদীন প্রমুখ।
সংলাপে বরিশাল ও পটুয়াখালীর প্রশাসনের বিভিন্ন দপ্তরের উচ্চপর্যায়ের কর্মকর্তা, ২৭টি উন্নয়ন প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, কৃষক, সুবিধাবঞ্চিত মানুষসহ অনেকে অংশ নেন।