বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডর চালুর জন্য যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠায় প্রায় ২২ বিলিয়ন ডলার লাগবে।
গতকাল বুধবার কক্সবাজারে বাংলাদেশ, চায়না, ভারত ও মিয়ানমার ইকোনমিক করিডরের (বিসিআইএম-ইসি) যৌথ সমীক্ষা দলের বৈঠকের প্রথম দিনে প্রাথমিক এ খরচের ধারণা পাওয়া গেছে।
বৈঠকের পর পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, চার দেশের মধ্যে অবকাঠামো উন্নয়নে প্রাথমিকভাবে ২২ বিলিয়ন ডলার বিনিয়োগের ধারণা পাওয়া গেছে।
দুই দিনের আলোচনার প্রথম দিনে চার দেশের প্রতিনিধিরা বিসিআইএম-ইসির ব্যাপারে জাতীয় পরিকল্পনা তুলে ধরেন। এ প্রসঙ্গে শহীদুল হক বলেন, চার দেশের উপস্থাপিত প্রতিবেদনগুলো আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠেয় কলকাতার বৈঠকে চূড়ান্ত করা হবে। এ ছাড়া সব দেশ রাজি হলে অর্থনৈতিক করিডর চালুর জন্য একটি রূপরেখা চুক্তি সই হতে পারে। রূপরেখা চুক্তিতে অর্থনৈতিক করিডর বাস্তবায়নের পথ নকশায় উল্লেখ থাকবে।
প্রথম দিনের আলোচনায় গতকাল ১১টি নির্ধারিত বিষয়ে প্রতিটি দেশ নিজেদের অবস্থান তুলে ধরে। পণ্য ও সেবা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থায়ন, বাণিজ্য উদারীকরণ, জ্বালানি, বহুমাত্রিক যোগাযোগ, টেকসই উন্নয়ন, সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণ ও মানুষের মধ্যে যোগাযোগ নিয়ে প্রতিনিধিরা আলোচনা করেন।
আজ বৃহস্পতিবার বৈঠকের শেষ দিনে এই উদ্যোগকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করবেন।
বৈঠকে চীনের ৩৯ জন, ভারতের আটজন ও মিয়ানমারের পাঁচজন প্রতিনিধি অংশ নেন।
যৌথ সমীক্ষা দলের প্রথম বৈঠক গত বছরের ডিসেম্বরে চীনে অনুষ্ঠিত হয়। আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির লক্ষ্যে বিসিআইএম-ইসির উদ্যোগটি নেওয়া হয়। এ প্রক্রিয়ায় কুনমিংয়ের সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপিত হবে মিয়ানমার আর বাংলাদেশের মধ্য দিয়ে।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা শুরু হয়। ২০১৩ সালে এই উদ্যোগ নিয়ে চীন ও ভারতের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকের পর সরকারি পর্যায়ে এর আলোচনা শুরু হয়। এর ধারাবাহিকতায় গত বছর ডিসেম্বর মাসে কুনমিং প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কুনমিং বৈঠকে সিদ্ধান্ত¯হয় প্রতিটি দেশ তাদের নিজস্ব জাতীয় পরিকল্পনা তৈরি করে দ্বিতীয় বৈঠকে আলোচনা করবে। কলকাতায় অনুষ্ঠেয় তৃতীয় বৈঠকে পরিকল্পনার সব বিষয়গুলো নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করা হবে।