
প্রয়োজনীয় জনবল ও ওষুধের ব্যবস্থা ছাড়াই উদ্বোধন করা হচ্ছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম আগামীকাল শনিবার এই হাসপাতাল উদ্বোধন করতে সাতক্ষীরায় আসছেন।
পদ সৃষ্টি না করেই সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে। এতে জেলার মানুষ ঠিকমতো চিকিৎসাসেবা পাবে না বলে ধারণা করা হচ্ছে।
সাতক্ষীরা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের বাঁকালে ১০ একর ৯০ শতক জমির ওপর ২৫০ শয্যা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচতলা ও ছয়তলা দুটি ভবন। এ ছাড়া চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আরও ছয়টি ভবন নির্মাণ করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্যমন্ত্রী আসবেন বলে হাসপাতাল ভবনের সামনে চলছে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান এবং মঞ্চ নির্মাণের কাজ।
সাতক্ষীরা মেডিকেল কলেজ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩১ জুলাই তৎকালীন অধ্যক্ষ জেড আতিক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর হাসপাতালের পদ সৃষ্টির জন্য আবেদন করেন। আবেদনে চিকিৎসকসহ প্রথম শ্রেণির ১৫৩টি, সেবিকাসহ দ্বিতীয় শ্রেণির ১১০টি, তৃতীয় শ্রেণির ৫৮টি ও চতুর্থ শ্রেণির ১৭৫টি পদ সৃষ্টির কথা উল্লেখ করা হয়। কিন্তু আবেদনের পর সংশ্লিষ্ট বিভাগ থেকে পাঁচবার যাচাই-বাছাইয়ের পরও কোনো পদ সৃষ্টি করা হয়নি।
সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী হাবিবুর রহমান জানান, হাসপাতালের পদ সৃষ্টির বিষয়টি প্রক্রিয়াধীন। বর্তমানে এখানে শুধু বহির্বিভাগ চালু করা হবে। পর্যায়ক্রমে অন্য বিভাগ চালু করা হবে। কলেজে যে কয়জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন, তাঁদের দিয়ে এখন কাজ চালানো হবে। ধীরে ধীরে ওষুধসহ অন্য বিষয়গুলোর ব্যবস্থা করা হবে।