আশরাফের সঙ্গে কথা বলার দায়িত্ব পেয়েছেন ফখরুল
প্রয়োজনে নিজেই ফোন করে গণভবনে যাবেন খালেদা জিয়া
নতুন করে দিনক্ষণ ঠিক হলে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার জন্য গণভবনে যাবেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। প্রয়োজনে তিনি প্রধানমন্ত্রীকে ফোন করে আলোচনার জন্য দিনক্ষণ চূড়ান্ত করতে রাজি আছেন বলেও বিএনপির একাধিক সূত্র থেকে জানা গেছে।
বিএনপির একজন দায়িত্বশীল নেতা প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া চান চলতি সপ্তাহের মধ্যেই সংলাপ হোক। এ জন্য দুই দলের মহাসচিব পর্যায়ে আলোচনা করে সংলাপের দিনক্ষণ নির্ধারণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব দিয়েছেন। এ ছাড়া বিরোধীদলীয় নেতার ব্যক্তিগত কর্মকর্তারাও প্রধানমন্ত্রীর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই নেত্রীর সংলাপ আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে জানা গেছে। অবশ্য এ নিয়ে তাঁরা এর আগেও বিভিন্ন সময়ে কথা বলেছেন। তবে দুই নেত্রীর ফোনালাপের পর সৈয়দ আশরাফের সঙ্গে আর কোনো কথা হয়নি বলে গতকাল বিকেলে মির্জা ফখরুল প্রথম আলোকে জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে বৈঠক করেন। সেখানে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে নৈশভোজে যোগ দেওয়ার বিষয়ে খালেদা জিয়া তাঁর ইতিবাচক অবস্থানের কথা জানান। বৈঠকে বলা হয়, গণভবনে এক দিনের আলোচনায় সংকটের সমাধান হবে না। এটা কেবল আলোচনার সূত্রপাত হতে পারে। এ জন্য দুই দলের মহাসচিব ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আলোচনা এগিয়ে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। খালেদার সঙ্গে ওই বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক উপস্থিত ছিলেন।
খন্দকার মোশাররফ হোসেন গতকাল এ প্রতিবেদকসহ কয়েকজন সাংবাদিককে বলেন, বিএনপি সংকট সমাধানের জন্য বারবার সংলাপের কথা বলে আসছে। খালেদা জিয়া সংলাপে অবশ্যই সাড়া দেবেন। কেবল যৌক্তিক কারণে ২৮ অক্টোবর গণভবনে যেতে পারছেন না।
বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানায়, নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনের ব্যাপারে শনিবার টেলিফোনেই প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত জানতে চেয়েছিলেন বিরোধীদলীয় নেতা। নির্দলীয় সরকার গঠনের ব্যাপারে প্রধানমন্ত্রী টেলিফোনে নীতিগত সিদ্ধান্তের বিষয়টি জানালে হরতাল প্রত্যাহার করা হবে বলেও বিএনপি জানিয়েছে।
বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী ২৮ অক্টোবর যে বসতে চেয়েছিলেন, খালেদা জিয়া সে আমন্ত্রণ রক্ষা না করায় এ নিয়ে বিএনপির মধ্যেও সমালোচনা হয়েছে। দলের কোনো কোনো নেতা নিজেদের মধ্যে আলোচনায় এ আচরণকে ‘অশোভন’ বলেও মন্তব্য করেছেন।
অবশ্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর ফোনের পরও সংলাপ নিয়ে সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
এ ছাড়া বিএনপির আরও কয়েকজন নেতা প্রথম আলোকে বলেছেন, তাঁরা মনে করছেন, সংলাপে সমস্যার সমাধান হবে না। তবে সংলাপ ব্যর্থ হওয়ার দায় বিএনপি নিতে চায় না। এ জন্য খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে ফিরতি ফোন করতেও রাজি আছেন।
নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার জন্য শেখ হাসিনা গত শনিবার সন্ধ্যায় খালেদা জিয়াকে ফোন করে ২৮ অক্টোবর আলোচনার জন্য গণভবনে আমন্ত্রণ জানান। খালেদা জিয়া সেই আমন্ত্রণ রক্ষা না করলেও আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেননি। তিনি বলেছেন, হরতাল কর্মসূচি থাকায় ওই দিন তিনি যেতে পারবেন না। তবে ২৯ অক্টোবরের পর যেকোনো দিন তিনি গণভবনে যেতে রাজি আছেন।