প্রয়োজনে বিরোধী দলের সঙ্গে আলাদা বসে কথা বলতে চান স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

প্রধান বিরোধী দল বিএনপিকে সংসদে ধরে রাখতে প্রয়োজনে দলটির সঙ্গে আলাদাভাবে বসে কথা বলতে চান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গতকাল রোববার দুপুরে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে স্পিকার এসব কথা বলেন। শিরীন শারমিন বলেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার পরই তিনি বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়েছেন। তাঁর সেই আহ্বান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে গণমাধ্যমের খবরে জেনেছেন, আসন্ন বাজেট অধিবেশনে বিরোধী দল আসবে। এ সিদ্ধান্তের জন্য তিনি তাঁদের সাধুবাদ জানিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিরীন শারমিন বলেন, ‘সংসদের স্পিকার যেকোনো বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করতে পারেন। প্রয়োজনে বিরোধী দলের সদস্যদের নিয়ে আলাদা করে বসব।’

প্রধান দুই দলের মধ্যে সংলাপ অনুষ্ঠানে কোনো ভূমিকা রাখবেন কি না, জানতে চাইলে স্পিকার বলেন, ‘সংলাপ অনুষ্ঠানের বিষয়ে দুই রাজনৈতিক দলই মুখ্য। তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে সংসদের ভেতরে তারা কোনো আলোচনা করতে চাইলে আমি অবশ্যই ভূমিকা রাখব। কারণ, সংসদ গণতন্ত্রের কেন্দ্রবিন্দু। এখানে সবাই সমান মর্যাদা নিয়ে কথা বলতে পারেন। তাই সংসদে আলোচনার জন্য আমি দুই দলকেই আমন্ত্রণ জানাই।’ বিরোধী দলের উপস্থিতিতে প্রথমবারের মতো সংসদ পরিচালনা করতে কোনো চাপ অনুভব করবেন কি না, জানতে চাইলে স্পিকার বলেন, ‘সংসদ চলে কার্যপ্রণালি বিধি অনুযায়ী। দুই দলের সিনিয়র সদস্যরা থাকবেন। এখানে চাপের কোনো বিষয় নেই।’ সংসদের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সাংবাদিকেরা ছাড়াও সংসদ সচিবালয়ের সচিব মাহ্ফুজুর রহমান এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।