
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রয়োজনে হরতাল হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাকে। আজ রাতে মজীনার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন।
তবে মজীনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বলেছেন, হরতাল তাঁরা অপছন্দ করেন। তাঁরা শান্তিপূর্ণ অবস্থানের পক্ষে।
আজ সোমবার রাত আটটা ৪০ মিনিটের দিকে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। রাত সাড়ে নয়টার দিকে বৈঠক শেষ হয়।
বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, অর্থাত্ দলের লক্ষ্য সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করেন খালেদা জিয়া। বিরোধী দলের নেত্রী মজীনাকে বলেন, তাঁরা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আন্তনদী সংযোগ প্রকল্প, স্থলসীমান্ত চুক্তি, বিদ্যুত্সহ নানা সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার পক্ষে। তাঁরা সরকার গঠন করতে পারলে দুর্নীতি, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ দমনে কাজ করবেন।
বৈঠক শেষে ড্যান ডব্লিউ মজীনা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, গতকাল (রোববার) তিনি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন। জিএসপি নিয়ে তিনি সেখানে আলোচন করেছেন। তিনি আশা প্রকাশ করেন, রানা প্লাজার মতো ঘটনা আর ঘটবে না।
বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে সাংবাদিকেরা জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এ দেশের জনগণই এ ব্যাপারে সমাধান করতে পারে। তাঁরা শুধু সহায়তা করবেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
বৈঠক শেষে শমসের মবিন চৌধুরী বলেন, হরতালের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি সব সময় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আশাবাদী।