প্রযুক্তি, কর্মী-সংকট ও কুরিয়ার পিছিয়ে দিচ্ছে ডাক বিভাগকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কলেজে পড়ার জন্য যখন বাবা-মাকে ছেড়ে ঢাকায় আসি, তখন প্রতি সপ্তাহে তাঁদের একটি করে চিঠি লিখতাম। জবাব না পেলেই টেনশনে পড়ে যেতাম। এখন আমার সন্তানও দূরে থাকে। কিন্তু সে আর চিঠি লেখে না। ফোনেই যোগাযোগ করে।’ কথাগুলো বলছিলেন ঢাকা জিপিওতে আসা ৭০ বছর বয়সী জুলফিকার আলী।সময়ের প্রবাহে দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির কারণে চিঠির মতো তুলনামূলক ধীরগতির যোগাযোগ-মাধ্যমের ব্যবহার এমনিতেই কমে গেছে। টেলিফোন, মোবাইল ও ইন্টারনেটের প্রসার ক্রমে বেড়ে চলায় চিঠি লেখার অভ্যাস কমে যাচ্ছে। তার ওপর জনবল-সংকটের মতো নানা সমস্যার কারণে সরকারি ডাকব্যবস্থা ক্রমশ আরও গ্রাহক হারাচ্ছে। সরকারি ডাক পরিষেবার ওপর আস্থা কমে যাওয়ায় মানুষ ঝুঁকে পড়ছে বেসরকারি কুরিয়ারের দিকে। এমন প্রেক্ষাপটে আজ শনিবার দেশে পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস।দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘উদ্ভাবনী ও প্রাসঙ্গিক ডাক’।ডাক বিভাগের কর্মকর্তারা জানান, বছর দশেক আগেও প্রতিবছর ডাক বিভাগের মাধ্যমে দেশে অন্তত ২২ কোটি চিঠি বিলি হতো। কিন্তু এখন সর্বোচ্চ ১৬ কোটি চিঠি বিলি করা হয়।কর্মীর অভাবে ব্যাহত সেবা: ডাক বিভাগ সূত্র জানায়, ডাক বিভাগে তিন হাজারের বেশি পদ বর্তমানে শূন্য। এর ৯৫ শতাংশই তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী, যাঁরা ডাক গ্রহণ ও বিলি পর্যন্ত কাজগুলো করে থাকেন। লোক সংকটের কারণে ঠিকমতো চিঠি বিলি করা যাচ্ছে না।এ বিষয়ে ডাক বিভাগের মহাপরিচালক মোবাশশের উর রহমান গতকাল শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ‘সারা দেশে অনেক মাঠকর্মীর পদ খালি আছে। এ কারণে চিঠি বিলি করতে সমস্যা হচ্ছে। তা ছাড়া আমরা উন্নত সেবাও দিতে পারছি না।’ ডাক বিভাগের আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এসব শূন্য পদ পূরণে ডাক বিভাগ থেকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে বারবার তাগাদা দেওয়ার পরও কোনো কাজ হচ্ছে না। তিন হাজার নিয়োগের প্রক্রিয়া করতে সংস্থাপন মন্ত্রণালয়ের তিন বছর লাগে। তত দিনে আরও তিন হাজার পদ খালি হয়ে যাবে।’কুরিয়ার সার্ভিসের রমরমা: সেবা প্রদানের ক্ষেত্রে ডাক বিভাগের নানা সমস্যার কারণে বেসরকারি কুরিয়ার সার্ভিসের দিকে ঝুঁকছে মানুষ। এতে কমে যাচ্ছে ডাক বিভাগের গ্রাহক ও আয়। কুরিয়ার সার্ভিসের কারণে ডাক বিভাগের চিঠি পরিবহন ২৫ থেকে ৩০ শতাংশ কমে গেছে বলে মনে করেন বিভাগের একজন কর্মকর্তা। মহাপরিচালক মোবাশশের উর রহমান বলেন, কুরিয়ার সার্ভিসগুলোর জন্য কোনো জবাবদিহিমূলক কর্তৃপক্ষ না থাকায় তারা যা ইচ্ছা তাই করছে। তবে সম্প্রতি পাস হওয়া পোস্ট অফিস আইনে কুরিয়ার সার্ভিসের জন্য নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ গঠনের কথা বলা আছে। শিগগিরই এমন একটি কর্তৃপক্ষ গঠন করার পরিকল্পনা সরকারের রয়েছে।প্রযুক্তির কাছে মার: ডাক বিভাগের সাবেক মহাপরিচালক আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ৪০ বছর আগে ঢাকা থেকে সিলেটে ফোন করতে হলে ১২ ঘণ্টা আগে টেলিফোন বুক করতে হতো। তাও সব সময় কথা বলা যেত না। আর এখন এক মিনিটেই মোবাইলে আমেরিকায় কথা বলা যায়। প্রযুক্তির উৎকর্ষ চিঠি লেখার অভ্যাস ও মানসিকতা দুটিই কমিয়ে দিয়েছে।