প্রযুক্তি ও সামাজিক ব্যবসা দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সারা পৃথিবীর জন্যই একটি সমস্যা। স্বাস্থ্যসেবা দিতে না পারা পুঁজিবাদী ব্যবস্থার শোচনীয় ব্যর্থতা। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সামাজিক ব্যবসা দরিদ্র মানুষের কাছে সেবা পৌঁছে দিতে পারবে। গতকাল শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সপ্তম সার্ক আন্তর্জাতিক ক্যানসার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ড. ইউনূস এ কথা বলেন। অনকোলজি ক্লাব দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে।ড. ইউনূস বলেন, যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশও সবাইকে স্বাস্থ্যসেবা দিতে পারছে না। চিকিৎসা ব্যয় সেখানে মানুষের ওপর বড় ধরনের বোঝা। স্বাস্থ্যবিমা সেখানে দিন দিন ব্যয়বহুল হচ্ছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা অনেকের কাছে লাভজনক ব্যবসা। অন্যদিকে বিনা মূল্যে সেবা দেওয়ারও ব্যবস্থা আছে। কিন্তু সেখানেও অর্থের চাপ কাউকে নিতে হয়। ইউনূস এ ক্ষেত্রে সামাজিক ব্যবসাকে সমাধানের উপায় বলে মনে করেন। তিনি বলেন, ব্যয় নির্বাহের জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাসহ অন্যান্য দক্ষতা কাজে লাগাতে হবে। তবে উদ্দেশ্য থাকবে দাতব্য প্রতিষ্ঠানের।মূল উপস্থাপনায় ইউনূস বলেন, অতিদ্রুত প্রযুক্তি পাল্টাচ্ছে। একে স্বাস্থ্য খাতে ব্যবহার করতে হবে। মুঠোফোনের মাধ্যমে শরীরের তাপমাত্রা জানা এখনই সম্ভব। মুঠোফোনের মাধ্যমে প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা সম্ভব হবে। ইতিমধ্যে এ রকম দিকনির্দেশনা পাওয়া গেছে। এর মাধ্যমে শরীরের ক্যানসার শনাক্ত করাও সম্ভব হবে। এই প্রযুক্তি দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, প্রযুক্তিবিদ, পেশাজীবী, ব্যবসায়ী—সবাই একসঙ্গে মিলে ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসায় কাজ করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই ক্যানসার নিয়ে বেঁচে আছেন (ক্যানসার সারভাইভারস), এমন ব্যক্তিদের নিয়ে একটি অধিবেশনে জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক বলেন, ক্যানসার প্রতিরোধ করা সম্ভব, এতে ভীত হওয়ার কিছু নেই।সম্মেলনে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিসহ যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, অস্ট্রিয়া ও সিঙ্গাপুরের প্রায় সাত শ চিকিৎসক ও ক্যানসার বিশেষজ্ঞ অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে ড. ইউনূসসহ একাধিক বক্তা অনকোলজি ক্লাবের প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত প্রফেসর ইমেরিটাস এ বি এম ফজলুল করিমের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন। অধ্যাপক এ বি এম ফজলুল করিম স্মরণে আয়োজিত সিম্পোজিয়ামে আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি এজেন্সির কর্মকর্তা আহমেদ ম্যাঘজেফিন এবং ইন্ডিয়ান কো-অপারেটিভ অনকোলজি নেটওয়ার্কের কর্মকর্তা পি এম পারিখ বক্তৃতা করেন। ওই অধিবেশনের সভাপতি জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, ক্যানসার চিকিৎসা ব্যয় কমানোর উপায় বের করতে সার্ক দেশভুক্ত দেশগুলোর চিকিৎসক ও বিশেষজ্ঞদের একসঙ্গে বসা দরকার।