প্রযুক্তি বদল নিয়ে মতভেদ, চূড়ান্ত চুক্তি সই অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রযুক্তি পরিবর্তন নিয়ে সরকারের মধ্যে তীব্র মতভেদ বিরাজ করছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পরমাণু শক্তি নিয়ন্ত্রণ (রেগুলেটরি) কর্তৃপক্ষ, পরমাণু শক্তি কমিশন এবং প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন প্রযুক্তি পরিবর্তনের পক্ষে-বিপক্ষে দ্বিধাবিভক্ত। ফলে এ বছরের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নে রাশিয়ার সঙ্গে চূড়ান্ত চুক্তি সই অনিশ্চিত।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং প্রকল্প-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রূপপুরের জন্য আগে নির্ধারণ করা হয়েছিল রাশিয়ার উদ্ভাবিত ‘ভিভিইআর-১০০০’ প্রযুক্তির রিঅ্যাক্টর। এখন রূপপুরে সমীক্ষার পরিপ্রেক্ষিতে রাশিয়ার সুপারিশ হচ্ছে, তাদের নতুন উদ্ভাবিত ‘ভিভিইআর-১২০০ টিওআই’ প্রযুক্তির রিঅ্যাক্টর ব্যবহার করা, যেটি আগের প্রযুক্তির তুলনায় অনেক উন্নত ও নিরাপদ বলে সূত্রগুলোর দাবি।
মন্ত্রণালয় সূত্র বলছে, এ নিয়ে সরকারের মধ্যে মতভেদের কারণ, নতুন প্রযুক্তিটি উন্নত হলেও এখন পর্যন্ত পরীক্ষিত কিংবা অনুমোদিত নয়। এই প্রযুক্তির কোনো রিঅ্যাক্টর এখন পর্যন্ত কোথাও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। তা ছাড়া এই প্রযুক্তির দাম নিয়েও বাংলাদেশ কোনো দর-কষাকষি করতে পারবে না। কেননা, প্রযুক্তিটি একেবারেই নতুন, বিশ্ববাজারে এই প্রযুক্তির কেনাবেচা এখন পর্যন্ত হয়নি। তাই নির্ধারিত কোনো দামও এখন পর্যন্ত নেই। একইভাবে বাংলাদেশ চাইলেও এই প্রকল্পের জন্য কোনো পরামর্শক নিয়োগ করতে পারবে না। এই প্রযুক্তি সম্পর্কে সম্যক জানাশোনা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এখন পর্যন্ত নেই। ফলে রাশিয়া যা বলবে, তা-ই বাংলাদেশকে মেনে নিতে হবে।
অপরদিকে সরকারের মধ্যে যাঁরা প্রযুক্তি পরিবর্তনের পক্ষে তাঁদের যুক্তি, রাশিয়া ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার ‘ভিভিইআর-টিওআই’ (থ্রি প্লাস জেনারেশন) প্রযুক্তির যে রিঅ্যাক্টর দেওয়ার কথা বলছে, সেটিই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তির সর্বশেষ সংস্করণ। এটি অনেক উন্নত ও নিরাপদ। তা ছাড়া রূপপুর কেন্দ্রের সামগ্রিক বিষয়ে সরকার রাশিয়ার সিদ্ধান্তের ওপর ভরসা রাখতে চায়। আর রাশিয়াই এই নতুন প্রযুক্তি রূপপুরে ব্যবহারের সুপারিশ করেছে। তাই তা গ্রহণ না করার কোনো কারণ নেই।
প্রযুক্তি পরিবর্তনের বিপক্ষের যুক্তি হচ্ছে, প্রযুক্তিটি এখন পর্যন্ত নকশার পর্যায়ে রয়েছে। এমনকি এখন পর্যন্ত রাশিয়ার পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষেরও স্বীকৃতি পায়নি। তাদের স্বীকৃতি পাওয়ার পরও প্রযুক্তিটি বিদেশে (রাশিয়ার বাইরে) ব্যবহারের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) স্বীকৃতি পেতে হবে।
প্রযুক্তি পরিবর্তনের বিপক্ষ দলের অভিমত, নতুন প্রযুক্তিতে যদি কোনো সমস্যা না-ও থাকে, তা হলেও এটিকে প্রয়োজনীয় সব স্বীকৃতি পেতে কয়েক বছর লাগবে। ফলে স্বীকৃত প্রযুক্তি নিতে হলে রূপপুর প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। আর আগে যে প্রযুক্তি বাংলাদেশ নির্ধারণ করেছিল, সেই ভিভিইআর-১০০০ একটি স্বীকৃত প্রযুক্তি। প্রতিবেশী ভারতও সেই প্রযুক্তি ব্যবহার করছে।
এ সম্পর্কে প্রযুক্তি পরিবর্তনের পক্ষের অংশের যুক্তি হলো, রাশিয়া-ভারতসহ অনেক দেশ ভিভিইআর-১০০০ প্রযুক্তির রিঅ্যাক্টর ব্যবহার করলেও সেটি পূর্ণাঙ্গ মডেলের কোনো রিঅ্যাক্টর নয়। ওই মডেলের সঙ্গে একেক দেশ নিজেদের বা অন্য দেশ থেকে কিছু কিছু যন্ত্রাংশ এনে ব্যবহার করেছে। যেমন চীন রাশিয়ার কাছ থেকে ‘ভিভিইআর-১০০০’ মডেলের রিঅ্যাক্টর নিয়ে তা চালানোর কন্ট্রোল প্যানেল এনেছে ইউরোপ থেকে। ভারত কুদনকুলাম কেন্দ্রে ওই প্রযুক্তির রিঅ্যাক্টরের সঙ্গে নিজেদের উদ্ভাবিত কিছু যন্ত্রপাতি ব্যবহার করেছে। ইউরোপ ‘ভিভিইআর-১০০০’ মডেলটি গ্রহণই করেনি। তাই ইউরোপের বাজার ধরার জন্য রাশিয়া ‘ভিভিইআর-টিওআই’ মডেল উদ্ভাবন করেছে। বাংলাদেশের জন্যও এটি নেওয়াই যৌক্তিক।
মন্ত্রণালয় সূত্র বলছে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রিঅ্যাক্টরের প্রযুক্তি পরিবর্তন একটি কারিগরি বিষয়। তাই পরমাণুবিজ্ঞানী ও পরমাণু প্রকৌশলীদের সুপারিশের ভিত্তিতে সরকারের এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। কিন্তু এ সিদ্ধান্ত দেওয়ার মতো পরমাণুবিজ্ঞানী ও প্রকৌশলীর অভাব রয়েছে। এই অবস্থায় কারিগরি মতামতের জন্য সরকারকে রাশিয়ার ওপরই নির্ভর করতে হবে। অবশ্য কারিগরি, আর্থিক প্রভৃতি সব বিষয়ে রাশিয়ার পরামর্শ অনুযায়ী রূপপুর প্রকল্প বাস্তবায়ন করাই সরকারের সিদ্ধান্ত।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য শুরুতে নির্ধারণ করা হয়েছিল এক হাজার মেগাওয়াট ক্ষমতার তৃতীয় প্রজন্মের (জেনারেশন থ্রি) ‘ভিভিইআর-১০০০’ প্রযুক্তির রিঅ্যাক্টর। কিন্তু প্রকল্প এলাকায় পরিচালিত সমীক্ষার (আগামী অক্টোবরে শেষ হবে দুই বছর মেয়াদি এই সমীক্ষা) কিছু তথ্য বিশ্লেষণ করে রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাতোমের পক্ষ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার ‘ভিভিইআর-টিওআই’ (থ্রি প্লাস জেনারেশন) প্রযুক্তির রিঅ্যাক্টর ব্যবহারের জন্য সরকারকে পরামর্শ দেওয়া হয়।
সরকারের ‘ফাস্ট ট্র্যাক প্রজেক্ট মনিটরিং টাস্কফোর্স’-এর একটি সূত্র জানায়, প্রযুক্তি পরিবর্তনে রাশিয়ার পরামর্শ নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে। দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের একটি প্রতিনিধিদল রাশিয়া সফর করে এই প্রযুক্তির (ভিভিইআর-১২০০) দুটি বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনও করেছে। এরপর গত ৫ জুলাই ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাতে প্রযুক্তি পরিবর্তনের বিষয়টি চূড়ান্তই করা হয়েছে বলা যায়।
কিন্তু রাশিয়ার বিজ্ঞানীদের উদ্ভাবিত সর্বাধুনিক (থ্রি প্লাস জেনারেশন) প্রযুক্তির রিঅ্যাক্টর এখন পর্যন্ত শুধু রাশিয়ার নভোভারোনেঝ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ছাড়া পৃথিবীর কোথাও স্থাপন করা হয়নি। নভোভারোনেঝ কেন্দ্রটি এখনো পরীক্ষামূলক উৎপাদনে আছে। এখন পর্যন্ত সেটি রাশিয়ার জাতীয় গ্রিডেও যুক্ত হয়নি। এ ছাড়া লেনিনগ্রাদে একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ শুরু করেছে তারা। তবে এর একটিও ‘ভিভিইআর-১২০০ টিওআই’ প্রযুক্তির নয়। দুটিই ‘ভিভিইআর-১২০০’ প্রযুক্তির।
জানতে চাইলে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান প্রকৌশলী ও বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ‘ড. রশীদ অধ্যাপক’ আবদুল মতিন প্রথম আলোকে বলেন, উন্নততর প্রযুক্তি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ, উন্নততর প্রযুক্তির একটি রিঅ্যাক্টর সম্পূর্ণ নতুন কোনো যন্ত্র নয়। আগের অপেক্ষাকৃত কম উন্নত যন্ত্রকেই আরও পরিশীলিত ও দক্ষ করে উন্নততর সংস্করণটি তৈরি করা হয়। এ রকম সংস্করণে যন্ত্রটির মৌলিক বিষয়গুলো ঠিকই থাকে। শুধু সেগুলোকে আরও উন্নত করা হয়।
বিশিষ্ট এই পরমাণু প্রকৌশলী বলেন, অবশ্য কোনো পারমাণবিক রিঅ্যাক্টরের নিরাপত্তা শুধু প্রযুক্তির ওপর নির্ভর করে না; প্রযুক্তি কীভাবে পরিচালিত হয় অর্থাৎ যাঁরা পরিচালনা করবেন, তাঁদের দক্ষতা এবং কীভাবে নিয়ন্ত্রিত হয় অর্থাৎ যাঁরা নিয়ন্ত্রণ (রেগুলেটর) করবেন, তাঁদের যোগ্যতার ওপরও নির্ভরশীল।
বিষয়টি সম্পর্কে আইএইএর সাবেক পরিচালক (তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণ) ড. জসীমউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, রূপপুরের জন্য কোন প্রযুক্তির রিঅ্যাক্টর নেওয়া ভালো হবে, তা নির্ধারণ করার মতো লোক প্রকল্প প্রক্রিয়ার সঙ্গে নেই। সে রকম লোক গড়ে তোলারও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই রাশিয়া যা বলবে, তাই শুনতে হবে। তবে সাধারণভাবে বলা যায়, কোনো যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে সবাই উন্নততর সংস্করণটিই পছন্দ করে। কারণ, এটি সর্বজনস্বীকৃত ধারণা যে উন্নততর সংস্করণটিই তুলনামূলকভাবে ভালো হবে। কাজেই সেটি নেওয়ার ক্ষেত্রে কারিগরি বিবেচনায় দ্বিমত করার কিছু নেই।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্র বলেছে, প্রযুক্তি পরিবর্তন নিয়ে মতভেদের কারণে রূপপুর প্রকল্পের চূড়ান্ত চুক্তি সই বিলম্বিত হবে। সরকার চেষ্টা করছিল আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অতিথি করে আনার। তা সম্ভব হলে তখনই দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তিটি সই হতো। আর পুতিনের আসা সম্ভব না হলে নভেম্বরেই চুক্তি সইয়ের প্রস্তুতি ছিল। এখন আর তা অনিশ্চিত। চূড়ান্ত চুক্তির প্রধান বিষয় হচ্ছে প্রকল্পের জন্য ঋণ ও নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত প্রযুক্তির বিদ্যুৎকেন্দ্র স্থাপন। এই চুক্তি না হওয়া পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রের বাস্তব কাজ শুরু হবে না।
এর আগে প্রকল্পের জন্য তিনটি আলাদা চুক্তি সই হয়েছে। প্রকল্পের প্রাথমিক কার্যাদি সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রাশিয়ান ফেডারেশনের মধ্যে প্রথম চুক্তি হয় ২০১৩ সালের ২৭ জুন। দ্বিতীয় চুক্তিটি হয় ওই বছরের ২ অক্টোবর। আর তৃতীয় চুক্তিটি হয় ২০১৪ সালের ৫ জুন। প্রথম চুক্তির বিষয় হচ্ছে সমীক্ষা চালানো। দ্বিতীয় চুক্তি হয়েছে প্রকল্পের মৌলিক নকশা প্রণয়নের বিষয়ে। তৃতীয় চুক্তির বিষয় বিদ্যুৎকেন্দ্র নির্মাণস্থলে ভৌত অবকাঠামো তৈরি। প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সমীক্ষার এই তিনটি কাজ যুগপৎভাবে চলেছে। আগামী অক্টোবরে তা শেষ হওয়ার কথা। তবে সময় সময় যেসব তথ্য-উপাত্ত সমীক্ষায় পাওয়া যাচ্ছে, তার ভিত্তিতে রাশিয়ায় এই প্রকল্পের জন্য উপযোগী একটি রিঅ্যাক্টরের নকশা প্রণয়নের কাজ চলেছে।
প্রকল্পের ব্যয় সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সূত্র জানায়, প্রকল্পের ব্যয় নির্ধারিত হবে সমীক্ষার পর, কী প্রযুক্তি ব্যবহার করা হবে তার ভিত্তিতে। তবে ‘ভিভিইআর-১০০০’ প্রযুক্তির রিঅ্যাক্টর নিলে সম্ভাব্য দাম পড়বে প্রায় ৮০ হাজার কোটি টাকা (এক হাজার কোটি মার্কিন ডলার)। আর ‘ভিভিইআর-১২০০ টিওআই’ প্রযুক্তি নিলে তা ১ লাখ ২০ হাজার কোটি টাকা (দেড় হাজার কোটি মার্কিন ডলার) হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই প্রকল্প ব্যয়ের ৮৫ থেকে ৯০ শতাংশ ঋণ হিসেবে দেবে রাশিয়া।
পাবনার রূপপুরে ৫০ মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রকল্প নেওয়া হয় ১৯৬২ সালে। তবে সরকার তা বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নেয় ২০০৯ সালে। এ সময় সিদ্ধান্ত নেওয়া হয়, বিদ্যুৎকেন্দ্রটি করা হবে দুটি ইউনিটে দুই হাজার মেগাওয়াট ক্ষমতার। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়নের জন্য দুই দেশের মধ্যে চুক্তি হয়।
২০১৩ সালের ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে প্রকল্পের দুই বছর মেয়াদি সমীক্ষার উদ্বোধন করেন। প্রকল্প এলাকার আবহাওয়া, ভূতাত্ত্বিক অবস্থা, পানি পরিস্থিতি, ভূমিকম্প ও মাটির বিভিন্ন ধরনের অনুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা এই সমীক্ষার অন্তর্ভুক্ত। এর প্রথম পর্যায় শেষে গত বছরের নভেম্বরে সরকারকে প্রতিবেদন দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ের সমীক্ষাও শেষ পর্যায়ে।
সরকার ২০২০-২১ সালে প্রকল্পের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। দ্বিতীয় ইউনিট চালু করার পরিকল্পনা ২০২৩ সালে। সরকার দাবি করছে, এই বিদ্যুৎকেন্দ্র চালু হলে কম দামে দুই হাজার মেগাওয়াট নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।