প্রযুক্তি বিনিময়ে আট দেশের উচ্চ পর্যায়ের সভা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার আটটি দেশে প্রযুক্তি হস্তান্তর ও বিনিময়ের লক্ষ্যে শুরু হয়েছে প্রযুক্তিবিষয়ক উচ্চ পরিষদের সভা। এবারের আসরে দেশগুলো নিজেদের মধ্যে ওষুধ প্রযুক্তি বিনিময়ের ওপর জোর দিচ্ছে। দুই দিনের আলোচনায় প্রযুক্তিগত সহায়তাবিষয়ক কয়েকটি চুক্তিও সই হবে।
রাজধানীর গুলশানে একটি হোটেলে গতকাল বুধবার সকালে ‘ডি-৮ টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড এক্সচেঞ্জ প্রোগ্রাম নেটওয়ার্ক (ডি-৮ টিটিইএন)’ শীর্ষক এই সভার উদ্বোধন করা হয়। এবারের চতুর্থতম এ আসরের আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ।
ডি-৮ টিটিইএনভুক্ত দেশগুলো হচ্ছে বাংলাদেশ, মিসর, তুরস্ক, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। সভার কর্মসূচিতে দেশগুলোর প্রযুক্তিবিষয়ক সচিব পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এ ছাড়া সভায় সংস্থাটির পরবর্তী আলোচ্যসূচি ঠিক করা হবে।
সভার উদ্বোধন করে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ‘বিশ্ববাজারে গার্মেন্টস ও ফার্মাসিউটিক্যাল খাতে বাংলাদেশ অনেক সুনাম অর্জন করেছে। এই সভা থেকে আমাদের প্রযুক্তিগত সহায়তার পরবর্তী দিকনির্দেশনা পাওয়া যাবে।’