প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ পরিবর্তিত দেশ হয়েছে: আশরাফ
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ সম্পূর্ণভাবে পরিবর্তিত দেশে পরিণত হচ্ছে। বর্তমানে কৃষি, শিল্প ও শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বেড়েছে।
আজ বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে প্রথমবারের মতো ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সব ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাংলাদেশকে বদলে দিচ্ছে। বাংলাদেশের ডিজিটাল বিপ্লবের নেতৃত্বে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সৈয়দ আশরাফুল ইসলাম তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে সদ্য প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের চারবারের সাংসদ প্রমোদ মানকিন ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাংসদ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে শোক প্রকাশ করেন। প্রয়াত দুই নেতাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ওই দুই রাজনৈতিক সহকর্মীর সঙ্গে দীর্ঘ দিন বাংলাদেশ সরকারের হয়ে কাজ করেছি। তাঁদের আত্মার শান্তি কামনা করছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন। তিনি ময়মনসিংহে আসার জন্য সৈয়দ আশরাফুল ইসলামকে বিশেষ কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংরক্ষণ) এন এম জিয়াউল আলম, ময়মনসিংহের রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ময়মনসিংহের চার জেলার জেলা প্রশাসক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সুধীজনেরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী আয়োজিত বিভাগীয় উদ্ভাবনী মেলায় চার জেলার মোট ৪৪টি স্টল স্থান পেয়েছে। মেলার উদ্বোধনী পর্বের শুরুতে সদ্য প্রয়াত ময়মনসিংহ দুই সাংসদের সম্মানে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।