প্রযুক্তি মন্ত্রণালয়ের দিকনির্দেশনা চান তরুণ উদ্ভাবকেরা
মাঠপর্যায়ে বিজ্ঞানচর্চা ও গবেষণায় সমস্যার বর্ণনা দিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষÿএবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দিকনির্দেশনা ও আর্থিক সহায়তা কামনা করেছেন তরুণ উদ্ভাবকেরা।
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর মিলনায়তনে গতকাল বুধবার দিনব্যাপী এক সেমিনারে তরুণেরা এই সহায়তা চান। এতে সভাপতিত্ব করেন জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়। সারা দেশ থেকে প্রায় আড়াই শ বিজ্ঞান ক্লাব সংগঠক, কর্মী এবং তরুণ উদ্ভাবক সেমিনারে অংশ নেন।
‘বিজ্ঞানমনস্কতা সৃজনে বিজ্ঞান ক্লাব কর্মী ও তরুণ উদ্ভাবকদের অবদান’ শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাদুঘরের সিনিয়র কিউরেটর মো. বদিয়ার রাহমান। তিনি উপস্থাপনায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কার্যক্রম তুলে ধরেন। এতে জাদুঘরের ইতিহাস এবং কাজের বিস্তারিত বর্ণনা উঠে আসে।
এ ছাড়া জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কমপ্লেক্সের প্রকল্প পরিচালক মো. মঞ্জুর রহমান, কিউরেটর (সার্বিক) কাজী হাসিবুদ্দীন আহমেদ, কিউরেটর (একাডেমিক) সুকল্যাণ বাছাড় প্রমুখ বক্তব্য দেন।
বিজ্ঞান ক্লাব সংগঠক, কর্মী ও উদ্ভাবকদের মধ্যে মামুন রেজা রাসেল, রওশন আলী, এমদাদ হোসেন ভূঁইয়া, রাশেদা আক্তার প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি