প্রযুক্তি সমাধান দিচ্ছে, প্রতিকূলতাও তৈরি করছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিবর্তনশীল প্রযুক্তি পারস্পরিক সংযোগকে সুদৃঢ় করছে, উদ্ভূত সমস্যা সমাধানের পথ দেখাচ্ছে। আবার মাঝে মধ্যে প্রতিকূল পরিবেশও তৈরি করছে, বিশেষ করে মানবতা বিপন্ন করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে ওঠার ক্ষেত্রে।

আজ শনিবার রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজ মিলনায়তনে নতুন গ্র্যাজুয়েটদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০১৫-তে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন। তাঁর আশা, নতুন গ্র্যাজুয়েট যারা পরে বিভিন্ন পদে যোগ দেবেন; তাঁরা দেশের সেবা প্রদানে সক্ষম হবেন। এতে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা আরও জোরদার হবে।

সফলভাবে কোর্স সম্পন্ন করতে আন্তরিক প্রচেষ্টার জন্য গ্র্যাজুয়েট সদস্য, ফ্যাকাল্টি সদস্য এবং কলেজের স্টাফ অফিসারদের অভিনন্দন ও ধন্যবাদ জানান ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লে. জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী। এ বছর সেনা, নৌ ও বিমান বাহিনী, বেসামরিক প্রশাসন, পুলিশ ও ফরেন সার্ভিসের দেশি-বিদেশি মোট ৭৫ জন ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেছেন। তাঁদের মধ্যে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৩৭ কর্মকর্তা আর্মড ফোর্সেস ওয়ার কোর্স সম্পন্ন করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক, শোষণমুক্ত, ধর্মনিরপেক্ষ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে বর্তমান সরকার দেশের রাজনীতি, অর্থনীতি ও শাসন ব্যবস্থায় এসব নীতি নিশ্চিত করতে প্রয়াস চালিয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে জনগণ ও সশস্ত্র বাহিনীর মধ্যে অংশীদারত্ব আরও জোরদার হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের কৌশলগত অবস্থান বৈশ্বিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হয়ে উঠেছে। তিনি আরও বলেন, ‘আমরা একটি অধিকতর পরস্পর নির্ভরশীল বিশ্বে বসবাস করছি। যেখানে উন্নত দেশগুলোর অনেক নীতি উন্নয়নশীল দেশগুলোর ওপর প্রভাব রাখছে এবং এমন নীতির কারণে তাদের অনেক নাজুক অবস্থা মোকাবিলা করতে হচ্ছে। তাই, এসব দেশের অর্থনীতির ক্ষেত্রে বৈচিত্র্য আনা ও জাতীয় নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে নিজেদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ও নিরাপত্তা জোরদার করা জরুরি।’ বাসস