প্রযুক্তি সম্মেলনে উঠে এল অর্থ খোয়া যাওয়ার বিষয়টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ তথ্যপ্রযুক্তি বা ডিজিটাল ব্যবসার সম্প্রসারণে ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘সার্ক টেক সামিট-২০১৬’। গতকাল শুক্রবার বিয়াম মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আসা অতিথিদের বক্তব্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বিপুল অঙ্কের অর্থ খোয়া যাওয়ার বিষয়টি উঠে আসে। এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে তথ্যপ্রযুক্তি খাতে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি এর নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন তাঁরা।
ভারতের ইনফোকম ও বাংলাদেশের সিটিও ফোরামের উদ্যোগে এ তথ্যপ্রযুক্তি সম্মেলনের আয়োজন করে আর্নেস্ট অ্যান্ড ইয়ং ইন্ডিয়া। সহায়তা করছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। উদ্বোধনী অনুষ্ঠানের পর ডিজিটালাইজেশনের চ্যালেঞ্জ, সাইবার ওয়্যার গেম ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা হয়। আজ শনিবার সমাপনী দিনে বিশেষজ্ঞ আলোচনা ছাড়াও রয়েছে পুরস্কার প্রদান অনুষ্ঠান। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ সম্মেলনে সার্কভুক্ত পাঁচটি দেশসহ বিভিন্ন দেশের ২০০ তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়া বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। তবে বাংলাদেশের জন্য সময়টা শেখারও। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে রাখা বাংলাদেশের ৮ কোটি ১০ লাখ ডলার খোয়া গেছে। সাইবার অপরাধ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা করছে। তবে তা যথেষ্ট নয়। তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের বিশেষজ্ঞ তৈরিতে এ সম্মেলন সহায়ক হবে বলে তিনি মনে করেন।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ ব্যাংকের অর্থ খোয়া যাওয়ার বিষয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ঘটনার আকার, প্রকৃতি, কীভাবে ঘটেছে, তা বের করার জন্য তদন্ত চলছে। এ ঘটনাটি দেশীয় আইনে বিচার করা যাবে, নাকি বিদেশি আইনে হবে, তা ঠিক করা হবে তদন্তের পর।
সার্ক চেম্বারের সভাপতি সুরজ বৈদ্য বলেন, দক্ষিণ এশিয়ায় প্রচুর তথ্যপ্রযুক্তিবিদ সৃষ্টি হচ্ছে। কিন্তু ভারত ছাড়া অন্য দেশগুলো তাঁদের কাজে লাগাতে পারছে না। সাধারণ ব্যবসায় রাজনৈতিক ও কৃত্রিম নানা বাধা থাকে। কিন্তু তথ্যপ্রযুক্তির ব্যবসা সীমানা দিয়ে আটকানো যাবে না। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্ভাবনা আছে, দরকার শুধু যৌথ উদ্যোগ।
বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, গত কয়েক দিনের পত্রপত্রিকার হেডলাইন দেখলেই বোঝা যায় তথ্যপ্রযুক্তির নিরাপত্তা কত জরুরি। বাংলাদেশ ব্যাংকের যে অর্থ খোয়া গেছে, তা দেশের রিজার্ভের তুলনায় ছোট দুর্ঘটনা। তবে এটা কীভাবে হয়েছে, কেন হয়েছে তা জানতে হবে।
সাবেক শিক্ষাসচিব এন আই খান বলেন, বাংলাদেশ ব্যাংকের টাকা খোয়া যাওয়ার পর এটা পরিষ্কার যে সব ক্ষেত্রেই দেশের সাইবার নিরাপত্তা অপ্রতুল। আগামী দিনে এই সাইবার নিরাপত্তার বিষয়টি আণবিক বোমার মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
অনুষ্ঠানে আসা অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা করেন আনন্দবাজার পাবলিকেশনের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ইনফোকমের চেয়ারম্যান ডি ডি পুরকায়স্থ। আরও বক্তৃতা করেন সিটিওর তপন কান্তি সরকার ও আর্নেস্ট অ্যান্ড ইন্ডিয়ার হরিশ আগরওয়াল।