প্রযুক্তিগত দিক থেকে বাংলা ভাষা ব্যবহারের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এ জন্য দরকার বিভিন্ন পর্যায়ে সমন্বয় ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা।গতকাল বুধবার নাজমা জেসমিন চৌধুরী স্মারক বক্তৃতায় মূল বক্তা অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই বক্তৃতার আয়োজন করা হয়। নাজমা জেসমিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন। ১৯৮৯ সালের ১২ সেপ্টেম্বর তাঁর মৃত্যুর পর থেকে প্রতিবছর এই স্মারক বক্তৃতার আয়োজন করে আসছে আধুনিক ভাষা ইনস্টিটিউট।স্মারক বক্তৃতার শিরোনাম ছিল ‘বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ: সমস্যা ও সম্ভাবনা’। মূল বক্তব্যে আবুল মনসুর মুহম্মদ আবু মুসা বলেন, বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণের দায়িত্ব বাংলাদেশের ওপরই বর্তায়। এ ক্ষেত্রে ভাষাবিজ্ঞানের চর্চা ব্যাপকভাবে শুরু করা উচিত। পাশাপাশি প্রযুক্তিগত দিক থেকে বাংলাকে যত উন্নত করা যায়, সেদিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন।বাংলা ভাষার প্রসার সম্পর্কে আবু মুসা বলেন, আধুনিক ভাষা ইনস্টিটিউট স্থাপিত হওয়ার পর এখান থেকে অর্ধশতাধিক চীনা শিক্ষার্থী বাংলা ভাষা শিখেছেন। জাপান ও দক্ষিণ কোরিয়ায় বাংলা ভাষাভাষি শিক্ষার্থীর সংখ্যা কম নয়। এ ছাড়া বৈজ্ঞানিক নিষ্ঠা নিয়ে বাংলা শিখছে মার্কিনরা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।