
এখনকার গণমাধ্যমের গন্তব্য ডিজিটালের দিকে। অনেক পাঠকই এখন খবরের জন্য স্মার্টফোনের ওপর নির্ভর করেন। কাজের ক্ষেত্রে প্রযুক্তির সঙ্গে সমন্বয় করতে অনেক গণমাধ্যমকর্মীই হিমশিম খান। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিতে বিনিয়োগ করতে হবে গণমাধ্যমগুলোকে। না হলে পিছিয়ে পড়তে হবে।
এমন পর্যবেক্ষণ ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের (ইনমা) প্রধান নির্বাহী কর্মকর্তা আর্ল জে উইলকিনসনের। গতকাল রোববার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এক আলোচনায় বিশ্ব গণমাধ্যমের গতিপ্রকৃতি, এখনকার অবস্থা ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতামত তুলে ধরেন তিনি। আলোচনার আয়োজক ছিল নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
যুক্তরাষ্ট্রের ডালাসভিত্তিক সংস্থা ইনমার বিশ্বের ৬৩টি দেশে ৬১৪টি প্রতিষ্ঠানের ৭ হাজার ৬৯৩ সদস্য রয়েছে। গতকালের আলোচনায় উইলকিনসনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ভারতের আনন্দবাজার পত্রিকা (এবিপি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ইনমার দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ডি ডি পুরকায়স্থ।
উইলকিনসন বলেন, মার্কিন নির্বাচনের পরে গণমাধ্যমগুলোর অবস্থান ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে। মানুষ বিদ্যমান সরকারব্যবস্থার পাশাপাশি গণমাধ্যমকে প্রত্যাখ্যান করেছে। এখন গণমাধ্যমগুলো আত্মানুসন্ধানের কাজ করছে।
ইনমার প্রধান নির্বাহী মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সংবাদ অনেকটাই পণ্য হয়ে গেছে। তিনি বলেন, ফেসবুকের মতো সাইটগুলো গণমাধ্যম নয়। সেখানে সবাই কনটেন্ট দেন, সবাই নিজেকে রিেপার্টার কিংবা সম্পাদক মনে করেন। এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব হলো নিজেদের বিশ্বাসযোগ্যতা তৈরি করা। এর কোনো বিকল্প নেই।
ইনমার প্রধান নির্বাহী আরও বলেন, সারা বিশ্বের সংবাদপত্র যেসব চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, ইনমার সদস্যরা একে অপরের সঙ্গে সে অভিজ্ঞতা বিনিময় করে। অভিজ্ঞতালব্ধ জ্ঞান নিজেদের প্রতিষ্ঠানে কাজে লাগান। ইনমার পক্ষ থেকেও নানা ধরনের কারিগরি প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময়সহ নানা বিষয়ে সহায়তা করা হয়। এ ধরনের অভিজ্ঞতার বিনিময়ের মাধ্যমে সংবাদপত্র এগিয়ে যাওয়ার নিত্যনতুন পথ খুঁজে পায়।
আলোচনায় অংশ নিয়ে ডি ডি পুরকায়স্থ ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে ডিজিটাল প্রযুক্তির সংযুক্তি ও সংবাদমাধ্যমের অবস্থা তুলে ধরেন। তিনি জানান, ভারতে ইংরেজি সংবাদপত্রের পাঠকসংখ্যা কমছে। শহুরে তরুণদের মধ্যে ডিজিটাল প্রযুক্তির ব্যাপক প্রসারের কারণে তারা ছাপা পত্রিকার চেয়ে অনলাইনেই খবর পড়তে ভালোবাসে। ভারতীয় বাংলা সংবাদপত্রগুলোও তিন বছর ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে। পাঠক সংখ্যা সেভাবে বাড়ছে না। আনন্দবাজার পত্রিকার নীতিমালায় এখন পাঠকের পছন্দ ও চাহিদাকে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘পাঠক যা চান তাই দিচ্ছি আমরা।’ আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ডিজিটাল বিভাগ চালুর কথাও তুলে ধরেন তিনি।
আলোচনায় স্বাগত বক্তব্য দেন নোয়াবের সহসভাপতি ও দৈনিক সমকাল-এর প্রকাশক এ কে আজাদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম। আলোচনায় আরও অংশ নেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দীন আহমদ, ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ঢাকা ট্রিবিউন-এর সম্পাদক জাফর সোবহান ও প্রকাশক কাজী আনিস আহমেদ, ইত্তেফাক-এর ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত প্রমুখ।
আর্ল জে উইলকিনসন ও ডি ডি পুরকায়স্থ গতকাল ডেইলি স্টার-এ যান। সেখানে তাঁরা পত্রিকার সাংবাদিক ও কর্মকর্তাদের মত বিনিময় করেন। তাঁদের আলোচনায় গণমাধ্যমে ডিজিটালের প্রযুক্তির ব্যবহারের বিষয়টি উঠে আসে।