
আয়কর বিভাগের দুর্নীতি প্রতিরোধের জন্য প্রযুক্তিনির্ভর কর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহি নিশ্চিত করা, ইচ্ছামাফিক ক্ষমতা প্রয়োগ নিয়ন্ত্রণের কথা বলেছে সংস্থাটি। আয়কর বিভাগ নিয়ে দুদকের প্রাতিষ্ঠানিক দলের সুপারিশে এসব কথা উঠে এসেছে।
প্রাতিষ্ঠানিক দলের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে তথ্যপ্রযুক্তির ব্যাপক অগ্রগতি হলেও জাতীয় রাজস্ব বোর্ডের প্রায় সব কার্যক্রম এখনো সনাতন ধারায় পরিচালিত হচ্ছে। করদাতাদের সেবা দেওয়া ও আয়কর প্রদানে উৎসাহিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেই বললেই চলে। বিদ্যমান প্রশাসনিক কাঠামোর কারণেও জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন আয়কর, মূল্য সংযোজন কর (মূসক) ও শুল্ক (কাস্টমস) বিভাগের মধ্যে পারস্পরিক সমন্বয়ের ঘাটতি রয়েছে। কর ফাঁকি রোধে তিন বিভাগের সমন্বয়ে অভিন্ন প্রতিষ্ঠান হিসেবে রাজস্ব বোর্ড এখনো দাঁড়াতে পারেনি। দেশের সার্বিক উন্নয়নে রাজস্ব ব্যবস্থায় সংস্কার অত্যন্ত জরুরি।
দুদক সূত্র জানায়, প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সংস্থার জন্য দুদকের আলাদা আলাদা দল রয়েছে। আয়কর বিভাগের দুর্নীতি পর্যবেক্ষণ ও প্রতিরোধে সংস্থার পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি আছে। কমিটি সম্প্রতি ওই বিভাগের দুর্নীতির উৎস চিহ্নিত করা ও তা প্রতিরোধে সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করেছে। কমিশন তা সম্প্রতি অনুমোদনও করেছে।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার কমিশনের পক্ষ থেকে ওই প্রতিবেদনটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। কমিশনের ভারপ্রাপ্ত সচিব সারোয়ার মাহমুদের স্বাক্ষরে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বরাবর আয়কর বিভাগের দুর্নীতির উৎস এবং তা প্রতিরোধে সুনির্দিষ্ট সুপারিশমালা পাঠানো হয়েছে। এতে দুর্নীতির ১৩টি উৎস এবং সার্বিক দুর্নীতি প্রতিরোধে ২৩ দফা সুপারিশ রয়েছে।
দুদক সূত্র বলছে, কমিশনের প্রাতিষ্ঠানিক দল বিভিন্ন স্টেকহোল্ডারদের (অংশীজন) সঙ্গে আলোচনা, আয়কর বিভাগ এবং কাস্টম এক্সাইজ ও ভ্যাট–সংক্রান্ত বিভিন্ন নথিপত্র পর্যালোচনা, সরেজমিনে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, গণমাধ্যম থেকে পাওয়া তথ্যাদি এবং কমিশনের গোয়েন্দা উৎস থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনের সুপারিশের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে ওই প্রতিবেদন পাঠানোর জন্য কমিশনে সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিবেদনে আয়কর বিভাগের দুর্নীতি ও অনিয়মের নানা উৎস সম্পর্কে তুলে ধরা হয়। এগুলো হলো:
১. আয়কর বিভাগে করদাতার তথ্য, রিটার্নের তথ্য, কর আদায়ের তথ্য–সংক্রান্ত সব রেজিস্টার ম্যানুয়ালি সংরক্ষণ করা হয়। এ কারণে রেজিস্টার টেম্পারিংয়ের মাধ্যমে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি হওয়ার সুযোগ থাকছে।
২. আয়কর নথি নিষ্পত্তি–সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারিত নেই। যার ফলে কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহি নিশ্চিত করা যায় না।
৩. নতুন করদাতা চিহ্নিত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর কর্তৃপক্ষের অতিরিক্ত স্বেচ্ছামাফিক ক্ষমতাকে অনেকেই দুর্নীতি-অনিয়মের অন্যতম উৎস বলে মনে করেন। সরেজমিনে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানা যায়, নতুন করদাতা চিহ্নিতকরণের বিষয়টি সংশ্লিষ্ট কর কর্মকর্তাদের মর্জির ওপর নির্ভরশীল।
৪. কর প্রণোদনা এবং কর মওকুফের ক্ষেত্রে আয়কর বিভাগের কর্মকর্তাদের অতিরিক্ত স্বেচ্ছামাফিক ক্ষমতা রয়েছে।
৫. আয়কর বিভাগের কিছু কিছু কর্মকর্তা আইন, বিধি এবং নিয়মবহির্ভূতভাবে আয়কর প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের অঘোষিত পরামর্শক হিসেবে কাজ করেন।
৬. কর পরিদর্শকদের পরিদর্শন প্রতিবেদনের সত্যতা দৈবচয়ন ভিত্তিতে যাচাই করা হয় না। প্রতিবেদন যথাযথভাবে যাচাই করা হয় না।
৭. চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, আয়কর আইনজীবী প্রমুখ পেশাজীবীরা রাজস্ব বোর্ডে নিবন্ধিত নন।
৮. নিরীক্ষাকারী প্রতিষ্ঠানসমূহ (সিএ ফার্ম) ও করদাতা প্রতিষ্ঠানের যোগসাজশে প্রণীত অডিট রিপোর্ট জালিয়াতি হওয়ার অভিযোগ রয়েছে। সিএ ফার্মসমূহের জবাবদিহি না থাকার কারণেই এ ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের সুযোগ সৃষ্টি হচ্ছে।
৯. বদলি, পদায়নে প্রশাসনিক দুর্নীতি এবং অসৎ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে শিথিলতা দুর্নীতিকে উৎসাহিত করে।
১০. আয়কর বিভাগের ভেতরে এবং আয়কর বিভাগের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের অধীন কাস্টমস ও ভ্যাট বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ডবহির্ভূত সংশ্লিষ্ট বিভাগ বা দপ্তর যেমন: বাংলাদেশ ব্যাংক, সরকারি ক্রয় সংশ্লিষ্ট বিভাগসমূহ, মহাহিসাব নিয়ন্ত্রকের দপ্তর, ভূমি অধিদপ্তর, বিআরটিএ, আরজেএসসি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, নির্বাচন কমিশন ইত্যাদির সঙ্গে প্রাসঙ্গিক তথ্য আদান-প্রদান, যোগাযোগ, সমন্বয়, সহযোগিতার অভাব এবং অপ্রতুলতা আয়কর ফাঁকির সুযোগ সৃষ্টি করে যা প্রকারান্তরে দুর্নীতির সুযোগ সৃষ্টি করে।
১১. কেন্দ্রীয় জরিপ অঞ্চলে কোনো আয়কর অধিক্ষেত্র নেই। এর মূল কাজ হচ্ছে নতুন করদাতা শনাক্ত করে তা সংশ্লিষ্ট কর অঞ্চলে আয়কর নথি খোলার জন্য পাঠানো। কেন্দ্রীয় জরিপ অঞ্চলে আয়কর অধিক্ষেত্র না থাকলেও এখানে প্রায় ১০ হাজার আয়কর নথি রয়েছে যার আইনগত অধিক্ষেত্র না থাকা সত্ত্বেও এই অঞ্চলে এই সমস্ত আয়কর নথির কর নির্ধারণ করা হচ্ছে, যা বেআইনি মর্মে প্রতীয়মান হয়।
১২. বিদ্যমান আয়কর অধ্যাদেশ অনুসারে অপ্রদর্শিত বিনিয়োগ ও অর্থ ধারণকারীকে যে সুবিধা দেওয়া হয়েছে তা জনগণের মাঝে অবৈধ বা অপ্রদর্শিত অর্থ অর্জনের প্রবণতাকে উৎসাহিত করতে পারে বলে মনে করা হয়।
১৩. আয়কর মেলার প্রাতিষ্ঠানিকতার প্রয়োজন রয়েছে। তবে আয়কর মেলার নামে বিলাসবহুল প্রচার-প্রচারণার মাধ্যমে অর্থ ব্যয়ে অস্বচ্ছতা রয়েছে বলে মনে করা হয়।
দুর্নীতি প্রতিরোধে সুপারিশমালা:
- সুপারিশমালায় বলা হয়েছে, রাজস্ব বোর্ডের অধীন আয়কর অনুবিভাগের কার্যক্রমকে রাজস্বমুখী, করদাতাবান্ধব, গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য এর প্রত্যেকটি কার্যক্রমকে একটি পূর্ণাঙ্গ অটোমেশনের আওতায় আনার বিকল্প নেই। দুর্নীতিমুক্ত আধুনিক ও প্রযুক্তিনির্ভর কর ব্যবস্থাপনার প্রথম শর্তই হচ্ছে করদাতা ও কর অফিসের মধ্যে ন্যূনতম সংযোগ নিশ্চিত করা।
- আর্থিকভাবে সামর্থ্যবান সব নাগরিক যাঁদের জাতীয় পরিচয়পত্র আছে, তাঁদের প্রত্যেকের জন্য করদাতা শনাক্তকরণ নম্বর নিয়ে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা।
- কেন্দ্রীয় জরিপ অঞ্চলকে একটি কর নির্ধারণী কর অঞ্চল হিসেবে ব্যবহার না করে এর ওপর অর্পিত দায়িত্ব পালনে সুস্পষ্ট নির্দেশনা এবং পরিপালনের নীতিমালা প্রবর্তনের মাধ্যমে নতুন করদাতা শনাক্তকরণের কাজে লাগানো।
- আয়কর বিভাগের কেন্দ্রীয় গোয়েন্দা সেলসহ প্রতিটি দপ্তরের নথি নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ।
- কর্মকর্তা-কর্মচারীদের খেয়ালখুশিমতো করদাতাদের কর মামলা অডিটের জন্য নির্বাচনের সুযোগ বন্ধ করা এবং প্রচলিত নিরীক্ষার পরিবর্তে কম্পিউটারের সহায়তায় ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বস্তুনিষ্ঠ নিরীক্ষার প্রবর্তন।
- বিদ্যমান আয়কর অধ্যাদেশে বিভিন্ন দুর্বলতা রয়েছে। এর অন্যতম হচ্ছে কর কর্তৃপক্ষকে প্রদত্ত অতিরিক্ত স্বেচ্ছামাফিক ক্ষমতা, ব্যাপক কর প্রণোদনা ও কর মওকুফ, দুর্বল বাস্তবায়নের কারণে দুর্বল প্রতিপালন, এক কর ব্যবস্থার সঙ্গে অন্য কর ব্যবস্থার এবং তৃতীয় কোনো সংস্থার সঙ্গে সীমিত তথ্য বিনিময়, করদাতার আয়নির্বিশেষে চূড়ান্ত কর হিসাবে ধারণাগত করের ওপর অধিক নির্ভরশীলতা ইত্যাদি। বিদ্যমান কর আইনের জটিলতাসমূহ নিরসন করে নতুন যুগোপযোগী আইন প্রণয়ন জরুরি।
- জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট আরও করদাতাবান্ধব করার লক্ষ্যে রাজস্ব বোর্ড ডিজিটাল পদ্ধতিতে কেন্দ্রীয় অ্যাকাউন্টস, কেন্দ্রীয়ভাবে রিটার্ন গ্রহণ ও প্রসেসিং, কেন্দ্রীয়ভাবে রেজিস্ট্রেশন প্রদান ইত্যাদির উন্নয়ন ও ডাটা ম্যানেজমেন্টকে আধুনিকায়নের মাধ্যমে করদাতাদের জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে কর দেওয়ার বিষয়ে আরও বেশি সুযোগ সৃষ্টি করা।
- আয়কর কর্মকর্তা-কর্মচারীগণ কর্তৃক আইন, বিধি ও নিয়মবহির্ভূতভাবে আয়কর প্রদানকারী কোনো ব্যক্তি-প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবে কাজ করা সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং কোনো কর্মচারীর বিরুদ্ধে এ–সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে চাকরি বিধিমালা অনুসারে সর্বোচ্চ শাস্তি আরোপের ব্যবস্থা নেওয়া উচিত।
- আয়কর অধ্যাদেশ অনুযায়ী কর নির্ধারণ কিংবা অডিটের জন্য নথি বাছাইয়ের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর কর্মকর্তাদের কোনো ক্ষমতা দেওয়া হয়নি। প্রশাসনিক আদেশের মাধ্যমে শুধু তদারকির দায়িত্ব দেওয়া আছে। তারপরও আইনবহির্ভূতভাবে কর্মকর্তারা তদারকির ক্ষমতা ব্যবহার করে করদাতাদের আয়কর নথি নিজেদের কাছে এনে অনুমোদনের নামে কর প্রদানকারীদের হয়রানি করেন মর্মে অভিযোগ রয়েছে। যুগ্ম কর কমিশনার বা কর কমিশনারগণ কর্তৃক আইনবহির্ভূত অনুমোদন প্রক্রিয়া বন্ধ করা এবং এর অপব্যবহার রোধকল্পে জাতীয় রাজস্ব বোর্ড হতে একটি সুস্পষ্ট নির্দেশনা জারি করা প্রয়োজন।
- আয়কর বিভাগে চলমান অটোমেশন প্রক্রিয়া দ্বারা কর সার্কেলে ব্যবহৃত অফিস প্রণালি অনুযায়ী রেজিস্টার সংরক্ষণ এবং তা ডিজিটাল পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ করতে হবে। এতে করে রেজিস্টার টেম্পারিংয়ের সুযোগ বন্ধ হবে এবং এ–সংক্রান্ত দুর্নীতি বহুলাংশে হ্রাস পাবে।
- অপ্রদর্শিত বিনিয়োগ ও অর্থ ধারণকারীদের দেওয়া সুবিধা বন্ধ করা উচিত। না হলে জনগণের মাঝে অবৈধ বা অপ্রদর্শিত অর্থ অর্জনের প্রবণতা বৃদ্ধি পাবে।
- চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, অ্যাডভোকেট প্রমুখ জাতীয় রাজস্ব বোর্ডে নিবন্ধিত হতে হবে। তাদের কার্যকলাপ নিয়ন্ত্রণে একটি সুস্পষ্ট আচরণ বিধিমালা তৈরি করতে হবে।
- সর্বজনীন স্বনির্ধারণী রিটার্নে প্রদর্শিত প্রারম্ভিক মূলধন বা অতীত সঞ্চয়ের এবং অস্তিত্বহীন ব্যবসায়িক আয়ের যথার্থতা যাচাইয়ের জন্য সুনির্দিষ্ট পদ্ধতি প্রণয়ন এবং কোনো সুনির্দিষ্ট উৎস না থাকলে আয়কর আইন অনুযায়ী অন্যান্য উৎসের আয় হিসেবে কর নির্ধারণের জন্য নির্দেশনা প্রদান।
- রাজস্ব সংলাপ আয়োজন খরচ, হালখাতা আয়োজনসহ করদাতা জরিপ ও স্পট অ্যাসেসমেন্ট প্রোগ্রামের খরচ বাজেট মঞ্জুরির মাধ্যমে সম্পন্নকরণ, বছরব্যাপী আয়কর মেলা, আয়কর দিবস, রাজস্ব হালখাতা এবং অন্যান্য অনুষ্ঠানসমূহে জনসম্পৃক্ততা নিশ্চিতকল্পে সরকারি ক্রয় নীতিমালা অনুসরণ করে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে বাস্তবায়ন করার ব্যবস্থা গ্রহণ করা।
- উচ্চ আদালতে অনিষ্পন্ন রাজস্ব এবং আয়কর মামলাসমূহ নিষ্পত্তির লক্ষ্যে প্রবর্তিত বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও শক্তিশালী, যুগোপযোগী এবং কার্যকর করার জন্য একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন।