দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ রেলক্রসিংগুলো প্রযুক্তিনির্ভর করা হয়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকি কমে গেলেও বেড়েছে যানজট।
এ পদ্ধতিতে স্টেশন থেকে ট্রেন ছাড়ার আগে শহরের ক্রসিংগুলোতে সিগন্যাল পৌঁছে যায়। তখন একযোগে গেটম্যানরা রেলগেটগুলো বন্ধ করে দেন।
ময়মনসিংহ রেলস্টেশন সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল শহরের ওপর দিয়ে যাওয়া পাঁচ কিলোমিটার পথে পাঁচটি রেলক্রসিংকে ‘ইন্টার লকিং’ পদ্ধতির আওতায় আনা হয়। এ পদ্ধতিতে ময়মনসিংহ রেলস্টেশন থেকে ট্রেন ছাড়ার আগে ট্রেনটি শহরের যেসব ক্রসিং অতিক্রম করবে, ওই সব ক্রসিংয়ে যান্ত্রিকভাবে সংকেত পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে ক্রসিংগুলোতে দায়িত্বে থাকা কর্মচারীরা একযোগে গেট ফেলে সড়ক বন্ধ করে দেন। স্টেশন থেকে ছাড়ার পর একটি ট্রেনের এই পাঁচ কিলোমিটার অতিক্রম করতে প্রায় ১০ মিনিট সময় লাগে।
গত কয়েক দিন শহরের নতুন বাজার, মাদ্রাসা কোয়ার্টার রেলক্রসিংয়ে সরেজমিনে দেখা যায়, নতুন পদ্ধতিতে ক্রসিংয়ে যানবাহন বেশি সময় আটকে থাকছে। এ কারণে গেট ওঠানোর পরপরই সব যানবাহন আগে যাওয়ার চেষ্টা চালায়। ফলে সহজেই যানজটের সৃষ্টি হচ্ছে। কোনো কোনো মোটরসাইকেল আরোহী গেটের নিচ দিয়ে ঝুঁকি নিয়ে পার হয়ে যান।
গতকাল সোমবার বেলা পৌনে দুইটায় নতুন বাজার ক্রসিংয়ে দেখা যায়, সাত মিনিট আটকে থাকার পর গেট ওঠানো হয়। পরে বিভিন্ন যানবাহন আগে যাওয়ার চেষ্টা করলে যানজটের সৃষ্টি হয়। এ সময় একটি অ্যাম্বুলেন্সও রোগী নিয়ে যানজটে পড়ে। ওই ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান আতাউর রহমান বলেন, মানুষ সামান্য সময় ধৈর্য নিয়ে অপেক্ষা করে না। এ কারণে যানজট হচ্ছে। তবে শহরের মানুষ ও বিভিন্ন যানবাহনের চালকেরা আগের চেয়ে কিছুটা বেশি সময় আটকে থাকার বিষয়টিকে ভোগান্তি হিসেবে নিচ্ছেন।
ক্রসিংগুলোতে পথচারী ও যানবাহন নিয়ন্ত্রণ করতে একজন করে ট্রাফিক পুলিশ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ট্রাফিক পুলিশের এক সদস্য বলেন, ‘মোটরসাইকেল আরোহী তরুণ ও যুবকেরা আমাদের পাত্তাই দেন না। তাঁরা নিয়ম ভেঙে যানজট সৃষ্টি করছেন।’ এক মোটরসাইকেল আরোহীকে নিয়ম না মেনে গেটের নিচ নিয়ে ঝুঁকি নিয়ে যাওয়ার সময় প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘রোদের মধ্যে অপেক্ষা করা কষ্টকর। তাই প্রতিবন্ধকের নিচ দিয়ে চলে যাই।’
ময়মনসিংহ রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট আবু তাহের জানান, নিরাপত্তার স্বার্থে সামান্য ভোগান্তি হচ্ছে। এটা সাময়িক। মানুষ আস্তে আস্তে এ পদ্ধতির সুফল বুঝলে অভ্যস্ত হয়ে যাবে।