গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কে বাংলাদেশের সামিট টেকনোপলিস লিমিটেড ও শ্রীলঙ্কার ইডব্লিউআইএস যৌথভাবে প্রযুক্তিপণ্য উৎপাদন করতে যাচ্ছে। এ জন্য পার্কটিতে দুটি ভবন নির্মাণ করা হচ্ছে।
গতকাল রোববার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ভবন দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদার। সভায় বক্তব্য দেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, ইনফিনিটি ইনফোটেক পার্কস লিমিটেডের চেয়ারম্যান রবীন্দ্র সামারিয়া, বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, ইডব্লিউআইএসের চেয়ারম্যান সানজিওয়া উইক, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ।
পার্ক কর্তৃপক্ষ জানায়, ইতিমধ্যে সামিট টেকনোপলিস লিমিটেড গ্রাউন্ড ব্রেকিং উদ্বোধনের মাধ্যমে ২ ও ৫ নম্বর ব্লকের নির্মাণকাজ শুরু করেছে। ওই দুটি ব্লকে প্রতিষ্ঠানটি মোট ২০৭ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এর আগে ফাইবার অ্যাট হোমের কনসোর্টিয়াম বাংলাদেশ টেকনোসিটি লিমিটেড ৩ নম্বর ব্লকের উন্নয়ন কার্যক্রম শুরু করে। এ ব্লকে বাংলাদেশ টেকনোসিটি লিমিটেড ২৫ দশমিক ৮০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
জুনাইদ আহমেদ বলেন, দেশে প্রচুর পরিমাণে স্মার্টফোন ও ল্যাপটপ প্রয়োজন। এসব আমদানি করতে প্রচুর টাকা বাইরে চলে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে হাইটেক পার্কের ৫ নম্বর ব্লকের এক একর জমিতে স্মার্টফোন ও ল্যাপটপ তৈরি করা হবে। এখানে লক্ষাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সৃষ্টি হবে।