প্রযুক্তির অপব্যবহার জাতিকে মেধাশূন্য করে দিতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তির অপব্যবহার জাতিকে মেধাশূন্য করে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। গতকাল শনিবার বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ে জেলা বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত ‘মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রতিভা অন্বেষণ’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ করে জাফর ইকবাল বলেন, প্রতিদিন গড়ে তিন ঘণ্টা করে ফেসবুক ব্যবহার করলে তিন লাখ শিক্ষার্থী দিনে নয় লাখ ঘণ্টা অপচয় করে। এই সময়টা মেধা অর্জনের জন্য কাজে লাগাতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে।
বিদ্যালয়টিতে এক বছর ধরে বইপড়া প্রতিযোগিতার আয়োজন করে বগুড়ার বিশ্বসাহিত্য কেন্দ্র। এই প্রতিযোগিতার বিজয়ীরা, বিদ্যালয়টিতে গত তিন বছরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে কৃতীদের এই অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, জেলা পুলিশ সুপার মো. মোজাম্মেল হক এবং জেলা বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক শ্যামল ভট্টাচার্য।